National

সিমেন্টের বস্তায় মাটিতে তৈরি হল দুর্গা, দেখা গেল আকাশ থেকে

দুর্গাপুজোর মুখে এবার সিমেন্টের বস্তায় তৈরি হল দুর্গা রূপ। যা তৈরি হল মাটিতে। তবে দেখা গেল আকাশ থেকে। যা দেখলেন নানা প্রান্তের মানুষ।

দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেছে। আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। মানুষের মনেও এখন পুজোর আবেশ। মা দুর্গা এখন সপরিবারে প্যান্ডেলমুখী।

দুর্গার মূর্ত রূপে মুগ্ধ মানুষের হৃদয়। এবার এমনই এক দুর্গা রূপ পেল সিমেন্টের বস্তায়। ৭০ ফুট বাই ৭০ ফুটের একটা ক্যানভাসে ফুটে উঠলেন মা দুর্গা।

এ ক্যানভাস তৈরি হয়েছে মাটির ওপর। খোলা মাঠে মাটির ওপর তৈরি সে ক্যানভাসে ১৫ হাজার সিমেন্ট ভর্তি বস্তা ব্যবহার হয়েছে। যা দিয়ে ফুটে উঠেছে মাতৃরূপ।

মধ্যপ্রদেশের কায়মোরে শহরে আদানি গোষ্ঠীর সিমেন্ট প্লান্টে এই মাতৃরূপ তাক লাগিয়ে দিয়েছে সমাজ মাধ্যমে চোখ রাখা মানুষজনকে। যেখানে একটি ভিডিওতে এই সিমেন্টের বস্তা দিয়ে মাতৃরূপ প্রতিষ্ঠার পুরো প্রক্রিয়া তুলে ধরা হয়েছে।

তবে এ মাতৃরূপ মাটিতে দাঁড়িয়ে বোঝা যাবেনা। বুঝতে গেলে মাটি থেকে কিছুটা উপরে উঠতে হবে। যেখান থেকে নিচে বিরাট জমিটা দেখতে পাওয়া যাবে। সেখানেই চারধারে আলো দিয়ে এক চৌকো ক্যানভাসের মাঝে ফুটে উঠেছে দুর্গা রূপ।

মায়ের মুকুট থেকে চোখ, দশহাত থেকে তার আশপাশ সাজিয়ে তোলা, সবই করা হয়েছে সিমেন্টের বস্তা সাজিয়ে। ৭৫০ টন সিমেন্ট ব্যবহার হয়েছে এ কাজে। ১২ হাজার ৬০০ ঘণ্টা সব মিলিয়ে কাজ হয়েছে এই প্রতিমার রূপ প্রদানে নিয়োজিত কর্মীদের মোট কাজের সময় মিলিয়ে।

নবরাত্রি ও দুর্গাপুজোকে সামনে রেখে এই মাতৃরূপ সিমেন্টের বস্তার সহায়তায় গড়ে উঠেছে। যা তৈরি হয়েছে মাটিতে, কিন্তু দেখা যাচ্ছে কেবল আকাশ থেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article