National

৪ মে থেকে শুরু অগ্নি নচথিরম, আগুনে গরম থেকে বাঁচতে শুরু প্রস্তুতি

গরমকালের সবচেয়ে গরম সময়। এটাই দেশের এক প্রান্তে পরিচিত অগ্নি নচথিরম নামে। তা ৪ মে থেকে শুরু।

শীতের সময় জম্মু কাশ্মীরের মানুষ ৪০ দিনের একটি সময়কাল কাটান অতিরিক্ত ঠান্ডায়। শীতকালেরও অতি শীতের সময়। যাকে তাঁরা বলেন চিল্লাই কলন। একইভাবে গরমেও এ দেশের এক প্রান্তে অতি গরম একটি সময়কাল চলে। যাকে বলা হয় ‘অগ্নি নচথিরম’।

সেটাই শুরু হবে ৪ মে থেকে। সোমবার থেকে শুরু করে এই সময়কাল এবার ২৮ মে পর্যন্ত চলবে বলেই মনে করছেন আবহবিদেরা। যে সময় এমন এক অসহ্য সময়ের মধ্যে দিয়ে তামিলনাড়ুর মানুষের কাটে যে এই সময়ের অসহ্য গরম থেকে রেহাই পেতে আগে থেকেই তাঁরা নানা প্রস্তুতি শুরু করে দেন। যাতে অগ্নি নচথিরম সময়কালে তাঁরা কিছুটা হলেও দহন জ্বালা থেকে রক্ষা পান।

তামিলনাড়ুতে এই অগ্নি নচথিরম আরেকটি নামেও পরিচিত। দক্ষিণ ভারতের এই রাজ্যে এটি ‘কাথিরি ভেইল’ নামেও পরিচিত। এই সময় তামিলনাড়ুতে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষ অনেক জায়গায় খুব দরকার না হলে দুপুরে বাড়ি থেকে বার হওয়া থেকে বিরত থাকেন।

প্রশাসনের তরফেও এই সময়কালে বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত যতটা সম্ভব রোদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে শরীরকে যথেষ্ট আর্দ্র রাখা, প্রচুর জল পানের পরামর্শ দেওয়া হয়েছে। পোশাক হালকা ও ঢিলেঢালা রাখার পরামর্শও দিয়েছে প্রশাসন।

এই অসহ্য গরমের সময়টা প্রতিবছরই তামিলনাড়ুতে আসে। প্রতিবছরই সেখানকার মানুষ মে মাসে অগ্নি নচথিরম সময় কাটান। যে সময়টা অসহ্য গরমের জন্য তাঁদের জন্য খুবই কষ্টকর দিন গুজরান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *