National

পুজো কাটতেই বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের

পুজোয় এবার আবহাওয়া সঙ্গ দিয়েছে। ঝলমলে আকাশে দুর্গাপুজো শেষ হল। কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। যা ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে।

থাইল্যান্ড খাঁড়ি ও মায়ানমারের ওপর একটি উচ্চতাপ বলয় অবস্থান করছে। যার হাত ধরে আন্দামান সাগরের উত্তরে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি করছে। যা ক্রমশ শক্তি বাড়াতে থাকবে।

এটি তৈরি হওয়ার পর শক্তিবৃদ্ধির সঙ্গে সঙ্গে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যা একটি সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে চলতি সপ্তাহের শেষের দিকে।

এটি এরপর আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় কিনা সে সম্বন্ধে এখনই নিশ্চয়তা না দিলেও সেদিকে নজর রাখছেন আবহবিদেরা। যদি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয় তাহলে তাঁরা আগামী দিনে সেটা জানিয়ে দেবেন।

নিম্নচাপটি কতটা শক্তি বাড়াচ্ছে, তার অভিমুখ ঠিক কোন দিকে হবে, সেদিকে নজর রাখছেন আবহবিদেরা। তবে এখনই তা ঠিক কোন দিকে অগ্রসর হয়ে স্থলভাগে প্রবেশ করবে তা পরিস্কার নয়। তবে আবহবিদেরা মনে করছেন নিম্নচাপটি শক্তি বৃদ্ধি শুরু করবে ২৩ অক্টোবর থেকে।

এদিকে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে তামিলনাড়ুতে প্রবল বর্ষণ হচ্ছে। বর্ষণের জন্য স্কুলে ছুটিও দেওয়া হয়েছে। তামিলনাড়ু ছাড়া পশ্চিমঘাট পর্বতমালার কিছু অংশও ভারী বৃষ্টিতে ভিজছে।

এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সেভাবে বর্ষা পায়নি দক্ষিণ ভারত। উত্তর পূর্ব মৌসুমি বায়ু সেই অভাব কিছুটা হলেও পূরণ করছে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি বাড়ালে তারও একটা প্রভাব দক্ষিণে চলা এই প্রবল বৃষ্টির ওপর পড়বে বলেই মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article