শাশুড়ির সঙ্গে বেঙ্গলি সুইট হাউসে হাজির প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী
বেঙ্গলি সুইট হাউস নামটাই বলে দিচ্ছে মিষ্টি এবং বাংলার নাম জড়িয়ে আছে দোকানটির সঙ্গে। সেখানে এ বছরও হাজির হলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। খেলেন বিশেষ মিষ্টি।
মিষ্টি এবং বাংলার যে এক গভীর যোগ রয়েছে তা ভারতবাসী কেন বিশ্ববাসীকে নতুন করে বলার দরকার পড়ে না। এমনই এক বিশেষ মিষ্টির দোকান বেঙ্গলি সুইট হাউস।
সেখানেই পুজোর মধ্যে হাজির হলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি। যাঁর আরও একটি পরিচয় তিনি রাজ্যসভার একজন সাংসদও।
গতবছর দীপাবলির আগেও প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বেঙ্গলি সুইট হাউসে এসেছিলেন পছন্দের মিষ্টি খেতে। এবারও ফের তিনি হাজির হলেন। তবে এবার এলেন দুর্গাপুজোর মধ্যে।
দিল্লির বেঙ্গলি বাজারের বিখ্যাত দোকান বেঙ্গলি সুইট হাউস। এখানেই এদিন হাজির হন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি সুধা মূর্তি।
এ দোকানের মিষ্টি ঋষি সুনকের প্রিয়। তাই এখানে এলে এই দোকানে মিষ্টি খেতে হাজির হন। তাঁর একটি প্রিয় মিষ্টিও রয়েছে। সুনকের পছন্দের মিষ্টি হল রসমালাই। এদিনও তিনি রসমালাই খেতে ছাড়েননি। সঙ্গে খেয়েছেন এখানকার চাট, লস্যি এবং চা।
ঋষি সুনকের এই মিষ্টি প্রেম অবশ্য অজানা নয়। দিওয়ালীতে মিঠাই অর্থাৎ মিষ্টি খাওয়া তাঁর অত্যন্ত পছন্দের বলে জানিয়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী তথা ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির জামাই।
প্রসঙ্গত দিল্লির বাঙালি মার্কেটে অবস্থিত এই মিষ্টির দোকানটি কিন্তু আজকের নয়। ১৯৩৭ সালে তৈরি হয়েছিল এই দোকান। যার মিষ্টি আজও সকলের মন ভাল করে দেয়।











