National

এল অ্যাম্বুলেন্সে, নামল নাইটি পরে, মাঝরাতে আধঘণ্টায় সাফ এটিএম

এটিএম-এর সুরক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। মাঝরাতে তো জনবহুল এলাকাও সুনসান হয়ে যায়। সেখানেই একটি এটিএম আধঘণ্টায় সাফ করল নাইটি পরা মানুষ।

পরনে নাইটি মানেই যে তিনি কোনও নারী হবেন এমন কোনও কথা বোধহয় নেই। কারণ একটি এটিএম-এ যা ঘটল তা বেশ তাক লাগিয়ে দিয়েছে তদন্তকারীদের। ছবিতে যা ধরা পড়েছে তা তাঁদের ভাবাচ্ছে।

একটি এটিএম-এর সামনে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায়। ঘড়িতে তখন রাত ১টা। অ্যাম্বুলেন্স থেকে নেমে আসে একাধিক মানুষ। তাদের পরনে নাইটি। প্রাথমিকভাবে দেখে মনে হবে কয়েকজন মহিলা নামলেন। তারপর তাঁরা ঢুকলেন এটিএম-এ। শুধু নাইটি নয়, তাদের মাথায় ছিল টুপি, হাতে দস্তানা এবং মুখে মাস্ক। অর্থাৎ তাদের পরিচয় বোঝা বেশ কঠিন।

এরা এটিএম-এ ঢুকে সময় নষ্ট না করে গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে তা থেকে টাকা বার করে নিয়ে চম্পট দেয়। পুরো কাজটা আধঘণ্টায় সারে তারা। সঙ্গে তো অ্যাম্বুলেন্স ছিলই।

পুলিশ তদন্তে নেমে অবাক হয়েছে নাইটি পরা কিছু মানুষকে দেখে। তদন্তকারীরা নিশ্চিত যে নাইটি পরনে থাকলেও এরা কেউ মহিলা নয়, বরং পুরুষ। কেবল সকলের চোখে ধুলো দিতে এই সাজ।

অ্যাম্বুলেন্সকে সন্দেহের আওতার বাইরেই সাধারণত রাখেন সকলে। তাই যান হিসাবে অ্যাম্বুলেন্স ব্যবহার করে তারা। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলার গান্ধারী গ্রামে। ব্যবহৃত অ্যাম্বুলেন্সের খোঁজ করছে পুলিশ। সেই সঙ্গে যারা এটিএম-এ ঢুকেছিল তাদের হাঁটাচলা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

রাতে ঘটনাটি ঘটলেও এমন ঘটনা যে ঘটেছে তা সকালে সকলের নজরে আসে যখন স্থানীয়রা দেখেন এটিএম মেশিন ভাঙা অবস্থায় পড়ে আছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article