আর শুধু গির নয়, ১৪৪ বছর পর ভারতের অন্য জঙ্গলে নিজে থেকেই ফিরল সিংহরা
ভারতে সিংহ মানেই গির অরণ্য। এই চিরাচরিত ভাবনা ভাঙার সময় হয়েছে। ১৪৪ বছর পর অন্য এক জঙ্গলে সিংহরা নিজেদের সংসার পাতছে।
ভারত এমন এক দেশ যেখানে বাঘ ও সিংহ ২ পাওয়া যায়। তবে বাঘ যেমন অনেক প্রান্তে রয়েছে, সিংহ তেমনটা নয়। সিংহ বলতে ভারতের একটি জঙ্গলের নামই সকলে জানেন। সেটা হল গির।
ভারতে পাওয়া যাওয়া এশিয়াটিক লায়ন দেখতে গেলে গির অরণ্য। যেখানে সিংহেরা সংসার ছড়িয়ে রেখেছে কোণায় কোণায়। তবে গিরই ভারতে পাওয়া সিংহের একমাত্র ঠিকানা এই চিরাচরিত ভাবনা থেকে এবার সরে আসার সময় এসেছে। কারণ ১৪৪ বছর পর ফের ভারতের এক জঙ্গল ভরে উঠছে সিংহে।
যেখানে প্রথমে এক পুরুষ সিংহের দেখা পাওয়া গিয়েছিল। সে সিংহ নিজে থেকেই সেখানে পৌঁছয়। পুরুষ সিংহটিকে ওই জঙ্গলে দেখার পরই সেখানে গির থেকেই ৫টি সিংহী নিয়ে গিয়ে ছেড়ে দেয় বন বিভাগ।
উদ্দেশ্য ছিল একটাই। গির ছাড়াও কোনও জঙ্গলে যখন একবার সিংহ ঢুকেছে তাহলে সেখানে সিংহের সংখ্যা বাড়ানো যাক। সেই লক্ষ্য ধীরে ধীরে পূরণও হচ্ছে। এখন ওই জঙ্গলে সিংহ সংখ্যা ১৭।
গির অরণ্যের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত বরদা অভয়ারণ্য। সেখানে ১৪৪ বছর আগে সিংহ ছিল বলে জানা যায়। তারপর থেকে সেখানে কোনও সিংহের দেখা মেলেনি। অবশেষে সেখানে এক পুরুষ সিংহের দেখা পাওয়া যায়। যাকে বন দফতর ছেড়ে আসেনি। বরং সে নিজে থেকেই ওই জঙ্গলে হাজির হয়েছিল।
১৯২ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা বরদা জঙ্গল সিংহদের বাসস্থানের জন্য সবদিক থেকে অনুকূল। যেখানে বনভূমি, ঘাস জমি প্রচুর রয়েছে। অন্যদিকে সিংহদের খাবারের সমস্যা যাতে না হয় সেজন্য হরিণ ছাড়া হচ্ছে এখানে।
ভারতে এশিয়াটিক লায়নের তাই নতুন ঠিকানা এখন বরদা অভয়ারণ্য। যেখানে সিংহ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাড়ছে পর্যটকদের আনাগোনাও। ২০২৪ থেকে এখানে শুরু হওয়া ইকোট্যুরিজম স্থানীয়দের রোজগারের সম্ভাবনাও বৃদ্ধি করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











