National

দেশের একাংশ জুড়ে অসহ্য গরম, ৪৬ ডিগ্রির কাছে পারদ, সতর্কতা জারি করল হাওয়া অফিস

পুড়ছে দেশের একটা বড় অংশ। পারদ তরতর করে চড়ছে। অনেক জায়গায় তাপপ্রবাহ চলছে। ৪৬ ডিগ্রির কাছে পৌঁছেছে অনেক জায়গার পারদ। বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

ভরা গ্রীষ্মে গরম এখন মাথায় চড়ে নাচছে। আগুন ঢালছে সূর্যদেব। চাঁদিফাটা গরম, তাপপ্রবাহে নাজেহাল মানুষজন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পারদ এখন ৪৬ ডিগ্রি ছুঁইছুঁই করছে। প্রায় একই পরিস্থিতি উত্তরপ্রদেশের অনেক জায়গার। অধিকাংশ জায়গায় পারদ ৪০ থেকে ৪৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে।

খোদ দিল্লিতেই পারদ ৪৫ ডিগ্রি ছোঁয়ার অপেক্ষায়। গরমের জন্য দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থান-এর অবস্থা সবচেয়ে শোচনীয়।

সেখানে পারদ অধিকাংশ ক্ষেত্রেই ৪০ ডিগ্রির ওপর টানা থাকছে। গরমে নাজেহাল মধ্যপ্রদেশ, ছত্তিসগড় এবং বিদর্ভ। তাপপ্রবাহ তো চলছেই। আবহাওয়া দফতর মনে করছে এই পরিস্থিতি কেরালা পর্যন্ত পৌঁছে যেতে পারে।

যেখানেই ৪০ ডিগ্রির ওপর পারদ ঘোরাফেরা করছে, তাপপ্রবাহ চলছে বা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে প্রতিটি মানুষকে গরমের কারণে হওয়া নানা অসুস্থতার জন্য সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

মধ্য ও উত্তর ভারত জুড়ে এখন যা পরিস্থিতি তাতে মানুষজনকে খুব দরকার না পড়লে বেলায় রোদ চড়া হওয়া থেকে বিকেল ৩টে পর্যন্ত সরাসরি রোদে না থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। ছাতা ব্যবহার এবং সানগ্লাস পরার পরামর্শও দেওয়া হয়েছে।

সেই সঙ্গে তেষ্টা পাক বা না পাক একটা সময় অন্তর যথেষ্ট জল পান করতে বলা হয়েছে। যাতে শরীর জলশূন্য হয়ে যাওয়া থেকে বাঁচতে পারে।

আরও চিন্তা বাড়িয়ে আবহাওয়া দফতর জানিয়েছে এখন যা পরিস্থিতি তার চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে মধ্য ও উত্তর ভারতে। তাই সকলকে সুস্থ থাকতে সতর্ক থাকতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *