Kolkata

যোগ দিবসে রেড রোডে যোগাভ্যাস করলেন প্রধানমন্ত্রী, অন্যদের ভুলও শুধরে দিলেন

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশজুড়েই সকাল থেকে শুরু হয় যোগাভ্যাস কর্মসূচি। কলকাতার রেড রোডে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আন্তর্জাতিক যোগ দিবস এবার তার দ্বাদশ বর্ষে পদার্পণ করল। বিশ্বকে ভারতের দান যোগচর্চা। যা প্রাচীনকাল থেকে ভারতের জীবনচর্চা ও সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে। তার গুরুত্বের কথা আজ বিশ্ববাসীর কাছেও পরিচিত। বিশ্বজুড়েই যোগচর্চা হচ্ছে এখন।

২১ জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবসের তকমাও পেয়েছে। প্রতিবছরের মত এ বছরও দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার রেড রোডে ছিল যোগ দিবসের আয়োজন। যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আরএন রবি।

রেড রোডে যোগাভ্যাসে অংশ নেন প্রধানমন্ত্রী। নিজে বেশ কয়েকটি আসন করেন। তারপর বাকিরা কেমন করছেন তা ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন। এমনকি যাঁদের মুদ্রায় কিছু ভুলভ্রান্তি হচ্ছিল তাঁদের ভুল শুধরে সঠিক পদ্ধতি দেখিয়ে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন যোগাভ্যাসে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

‘যোগা ফর হেলদি এজিং’ হল এবারের থিম। বয়সকালেও সুন্দর এক জীবন দিতে পারে যোগাভ্যাস। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দের নাম উঠে আসে।

প্রধানমন্ত্রী বলেন, যোগাভ্যাস এক সুস্থ, সুন্দর, শান্ত, চাপমুক্ত, সংযমী ও ইতিবাচক জীবন উপহার দিতে পারে। জীবনশৈলীর ভারসাম্যের জন্যও যোগাভ্যাস প্রয়োজনীয়। যত বয়স বাড়ে ততই যোগাভ্যাসের গুরুত্ব বাড়ে। এটাই বোঝানোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী।

অধিক বয়সেও কম বয়সের মত স্ফূর্তি, উদ্যম ও সুস্থ শরীর উপহার দেয় যোগ। সব বয়সের মানুষের জীবনেই যোগচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।

এদিন যাঁরা রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিতে পারেননি তাঁরা শহরের বিভিন্ন প্রান্তে লাগানো জায়ান্ট স্ক্রিনে রেড রোডের অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে চোখ রেখে সেখানেই যোগাভ্যাস করেন।

Show Full Article
nilkantho.in App