SciTech

দেশের বহু মানুষের মুখে হাসি ফোটাল সঞ্চার সাথী, অর্জন করল অভিনব মাইলফলক

দেশের অনেক মানুষের মুখে হাসি ফোটাল সঞ্চার সাথী অ্যাপ। একটা অ্যাপ ফেরাল ৭৭ হাজারের ওপর মোবাইল ফোন। তাও মাত্র ১ মাসে।

টেলিকমিউনিকেশন বিভাগের সঞ্চার সাথী অ্যাপের কথা অনেকের জানা। কিন্তু তা যেভাবে মানুষের মুখে হাসি ফুটিয়ে চলেছে তা অবশ্যই তারিফযোগ্য। গত জুলাই মাসে সঞ্চার সাথী এক উল্লেখযোগ্য মাইলফলক ছুঁয়েছে। যা আগে কখনও হয়নি। কোনও মাসে হয়নি।

সঞ্চার সাথী ফিরিয়ে দিয়েছে ৭৭ হাজার ৬৯২টি মোবাইল হ্যান্ডসেট। যা হয় হারিয়ে গিয়েছিল, অথবা চুরি গিয়েছিল। বিশেষ প্রযুক্তির হাত ধরে সেই মোবাইলের হদিশ পায় সঞ্চার সাথী।

স্থানীয় পুলিশের এ বিষয়ে সাহায্য নিয়ে সঞ্চার সাথী উদ্ধার করে মোবাইলগুলি। এরপর যাঁর মোবাইল তাঁর হাতে ফিরিয়ে দেয়। হারানো মোবাইল ফিরে পেয়ে যে কারও আনন্দ হওয়াটা স্বাভাবিক।

কারণ অনেক ক্ষেত্রেই মোবাইল চুরি গেলে তা পাওয়ার আশা ছেড়ে দেন মানুষ। সেখানে জুলাই মাসেই ৭৭ হাজারের ওপর মোবাইল ফিরিয়ে দেওয়াটা সঞ্চার সাথীর প্রতি মানুষের আস্থা বাড়িয়ে দিল।

এর আগে কখনও সঞ্চার সাথী ১ মাসে মোবাইল খুঁজে দেওয়ার ক্ষেত্রে ৭৭ হাজারের লক্ষ্য ছুঁতে পারেনি। ৭৫ হাজারও পার করতে পারেনি। ফলে জুলাই ২০২৬ রেকর্ড গড়ল।

সঞ্চার সাথীর হাত ধরে যে মোবাইল ফেরত পাওয়া যেতে পারে সেটাও পৌঁছে গেল সাধারণ মানুষের কাছে। ফোন হারিয়ে যাওয়ার ঘটনা আকছার ঘটতে থাকে। সেখানে মোবাইল ফিরে পাওয়ার একটা সম্ভাবনার আলো দেখাচ্ছে সঞ্চার সাথী।

তাছাড়া এখন মোবাইল কেবল কথা বলার উপায় নয়, এটি অনেক মানুষের জীবনে চলার পথে যাবতীয় তথ্য ও দস্তাবেজ সঙ্গে রাখার মাধ্যম। যার মধ্যে ব্যাঙ্ক সহ অর্থনৈতিক লেনদেনও রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article