হারিনি, তাই ইস্তফাও দেব না, জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনি এই নির্বাচনে হারেননি। তাই ইস্তফাও তিনি দেবেন না। সাংবাদিক বৈঠক ডেকে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোট লুঠ হয়েছে।
রাজ্যে দাপটের সঙ্গে বিজেপি বিধানসভা ভোটে জয়লাভ করার একদিন পর সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অভিযোগের সুরই ফুটে উঠেছে তাঁর গলায়।
মমতা এদিন দাবি করেন তিনি হারেননি। ভোট লুঠ করা হয়েছে। তাই তিনি ইস্তফাও দেবেন না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, তাঁর লড়াই এবার বিজেপির বিরুদ্ধে ছিলনা। ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে।
তাঁদের ১০০টি আসন লুঠ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এদিন ফের একবার কাউন্টিং স্টেশনে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী।
বিজেপির দুরন্ত জয়ের পর কিছু জায়গায় তৃণমূল পার্টি অফিস দখলের ঘটনা ঘটেছে। যা নিয়ে এদিন মুখ খোলেন মমতা। তাঁর দাবি, তিনি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তাঁর দলের তরফ থেকে কোনও সিপিএম পার্টি অফিস দখল করা হয়নি।
তৃণমূলের পার্টি অফিস যেখানে ভাঙা হয়েছে সেখানে তিনি ৫ সাংসদ ও অন্যদের নিয়ে তৈরি একটি দল পাঠাবেন বলে জানান মমতা। তাঁরা ঠিক কি ঘটেছে খতিয়ে দেখবেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, তিনি এখন মুক্ত পাখির মত। রাস্তায় নেমে মানুষের জন্য কাজ করে যাবেন তিনি। এমনকি রাজনৈতিক দিক থেকেও যে তিনি বিজেপি বিরোধিতায় সক্রিয় থাকবেন তা এদিন পরিস্কার করে দিয়েছেন মমতা।
জানিয়েছেন আগামী দিনে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করাই হবে তাঁর লক্ষ্য। বিজেপি বিরোধী ওই জোটের ঐক্যকে আরও জোরদার করার পথে তিনি হাঁটবেন বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।












