কেদারনাথের পথে পরিবেশ রক্ষায় নজর রাখতে বসল আধুনিক মেশিন
কেদারনাথের পথে এখন পূণ্যার্থীদের ভিড়। হিমালয়ের বুকে অনেকটা পথ পাহাড়ে চড়া। সেই পথে পরিবেশ রক্ষা করতে বসানো হল আধুনিক মেশিন।
চারধাম যাত্রা শুরু হয়ে গেছে। এই সময়টায় চারধামের পথেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। কেদারনাথ দর্শনের জন্য এখন বহু ভক্ত হিমালয়ের পাহাড়ি পথ ধরে হেঁটে চলেছেন।
দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করে পাহাড়ের উপরে কেদারনাথ ধামে পৌঁছচ্ছেন তাঁরা। তবে এত মানুষের ভিড় প্রতিদিন সামাল দেওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ পরিবেশ রক্ষা করা।
এত মানুষ যখন আসছেন তখন আবর্জনাও নেহাত কম হচ্ছেনা। আবর্জনা যাতে হিমালয়ের বিশুদ্ধ পরিবেশ নষ্ট না করতে পারে, প্রকৃতির ক্ষতি করতে না পারে সেটা দেখতে কেদারনাথের পথ ধরে বিশেষ ব্যবস্থা নিল জেলা প্রশাসন।
আবর্জনা ও নিকাশি ব্যবস্থাকে সঠিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে কেদারনাথ ধাম ও তার যাত্রাপথকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশ বান্ধব রূপ দিতে সেখানে বসল নতুন মেশিন। আবর্জনাকে বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে অনেক বেশি সংকুচিত করে ফেলা হচ্ছে। যাতে তা সরিয়ে নিয়ে যেতে সুবিধা হয়।
পুরো যাত্রাপথে শৌচাগার ও নিকাশি ব্যবস্থাকে পরিবেশ বান্ধব করে তোলার ব্যবস্থাও পাকা করা হয়েছে। যা কেদারনাথ ধামের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করে। ভক্তদেরও আবর্জনা নিয়ন্ত্রণ নিয়ে সতর্ক করেছে প্রশাসন।
সঠিক স্থানেই আবর্জনা ফেলতে অনুরোধ করা হচ্ছে। এখনও ৫০০ কেজির ওপর শুকনো আবর্জনাকে মেশিনের সাহায্যে সংকুচিত করে ফেলা হয়েছে। কেদারনাথ যাত্রাপথে নিকাশি বন্দোবস্তকে ঢেলে সাজানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












