গতি বাড়াল ঘূর্ণিঝড় আকভান, স্থলভাগে প্রবেশের আগেই শক্তি হারানোর সম্ভাবনা
অতিশক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের স্থলভাগে প্রবেশ বাকি। তবে স্থলভাগে আছড়ে পড়ার আগেই তা শক্তি হারাতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।
আকভান কতটা ধ্বংসের কারণ হবে সেটা কারও পক্ষেই বোঝা সম্ভব নয়। তবে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ায় তার ধ্বংসলীলাও নেহাত কম কিছু হওয়ার কথা নয়। কিন্তু আবহবিদেরা একটি ভাল খবর জানিয়েছেন।
আবহবিদেরা মনে করছেন, স্থলভাগে প্রবেশের আগেই আকভান তার শক্তি কিছুটা হারাতে পারে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা দিয়ে শুক্রবার স্থলভাগে প্রবেশের কথা আকভানের।
তা যদি প্রবেশের সময় শক্তি কিছুটা হারায় তবে তা ওই অঞ্চলের মানুষের জন্য মঙ্গলের। শক্তি হারালে তার ধাক্কা কম হবে। এদিকে আকভান যে শম্বুক গতিতে এগোচ্ছিল তার চেয়ে গতি বাড়িয়েছে। এখন ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সেটি অগ্রসর হচ্ছে।
এদিকে শক্তি হারিয়ে স্থলভাগে প্রবেশের পর খুব দ্রুত বৃষ্টিপাত কমে যাবে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণভাবে যে কোনও ঘূর্ণিঝড় প্রবেশের পর প্রবল বৃষ্টিপাত হয়। তা কিন্তু আকভানের ক্ষেত্রে হবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় কোনও ঢিলেঢালা মনোভাব নিচ্ছে না অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সরকার। তৈরি রাখা হচ্ছে যাবতীয় ব্যবস্থা। ওড়িশার পুরী ও নারসাপুরের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে আকভান। যা শুক্রবার দুপুরে হওয়ার কথা।
স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। সমুদ্রের ধারে থাকা মানুষজনকে সতর্ক থাকা এবং নিচু এলাকার মানুষকে তেমন হলে অস্থায়ী শিবিরে এসে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











