National

৪ বছর পর খুলে গেল সবুজ হ্রদে পৌঁছনোর সুযোগ, বেজায় খুশি হিমালয়ে হাঁটা পর্যটকেরা

নেহাত সোজা গন্তব্য নয়। যেমন চারধারের অপরূপ সৌন্দর্য, তেমনই পথ দুর্গম। সেই পথে হেঁটে আবার পৌঁছনো যাবে সিকিমের সবুজ হ্রদে। ৪ বছর পর ফের এল সুযোগ।

চারধারে হিমালয়ের পাহাড়সারি। হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে নজর কাড়বে অ্যালপাইন অরণ্য, রোডোডেনড্রন গাছের ভিড়, অনেক অচেনা অর্কিড।

আবার পথেই দেখা হয়ে যেতে পারে হিমালয়ের নীল ভেড়া বা রেড পান্ডার সঙ্গে। এভাবেই হেঁটে পৌঁছনো যায় সবুজ হ্রদ বা গ্রিন লেকে। তবে এই গ্রিন লেকে ট্রেকিং করা বন্ধ ছিল গত ৪ বছর। আবার তা খুলে গেল অ্যাডভেঞ্চার প্রিয় হিমালয়ে চষা পর্যটকদের জন্য।

এই গ্রিন লেককে বলা হয় কাঞ্চনজঙ্ঘার বেস ক্যাম্প। যদি কাঞ্চনজঙ্ঘায় উঠতে হয় তাহলে এই জায়গাকে বেস ক্যাম্প ধরে এগিয়ে যেতে হবে।

তবে সাধারণ ট্রেকাররা, যাঁরা হিমালয়ে ঘুরে বেড়াতে ভালবাসেন, অ্যাডভেঞ্চার পছন্দের তাঁদের জন্য উত্তর সিকিমের এই দুর্গম গ্রিন লেক একটা দুর্লভ প্রাপ্তি।

৪ বছরের বিরতির পর গ্রিন লেকে যাওয়ার সুযোগ চালু হতে ইতিমধ্যেই রাশিয়ার ৭ জন ট্রেকার গ্রিন লেকে পৌঁছে গেছেন। সিকিমে যাঁরা অ্যাডভেঞ্চার পর্যটনের টানে হাজির হন তাঁদের জন্য এটা যেমন একটা সুবর্ণ সুযোগ তেমনই সিকিম পর্যটনকে অনেকটা অক্সিজেন জোগাবে এই গ্রিন লেক ট্রেক বলে মনে করছেন অনেকে।

পথ দুর্গম। সহজে পৌঁছনো সম্ভব নয়। উচ্চতাও অনেক। কিন্তু এর চারধারের চোখ জুড়িয়ে দেওয়া দৃশ্য অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের এই গ্রিন লেকে ট্রেকিং করা থেকে দূরে রাখতে পারেনা।

Show Full Article