স্নো লেপার্ড বাঁচানোর লক্ষ্য নিয়ে ১৪৪০০ ফুট উচ্চতায় দুর্গম পথে ছুটল ২৫টি সাইকেল
পাহাড়ি পথ অতি দুর্গম হয়। তাও আবার হিমালয়ের কোলে হলে তো কথাই নেই। সেখানেই ১৪ হাজার ৪০০ ফুট উচ্চতায় সাইকেল নিয়ে ছুটলেন ভারত সহ বিভিন্ন দেশের যুবকরা।
হিমালয়ের রূপ স্থানভেদে বদলে যায়। কিন্তু তার দুর্গমতা, সুউচ্চ পাহাড়সারি তো থেকেই যায়। ভারতের পূর্ব প্রান্তের রাজ্য অরুণাচল প্রদেশে হিমালয় একদম অন্যরকম। সবুজের প্রাধান্য এখানে বেশি।
হিমালয় মানে আবার স্নো লেপার্ড। যাদের পর্বতের ভূত বলে ডাকা হয়। অতি দুর্লভ দর্শন তাদের। থাকে অত্যন্ত দুর্গম পাহাড়ে। সেই স্নো লেপার্ডকে রক্ষা করতে হবে। যাতে তারা তাদের মত করে পৃথিবীর বুকে চিরকাল বেঁচে থাকতে পারে। সেজন্য নানা পদক্ষেপ করা হয়।
এবার সেই স্নো লেপার্ড রক্ষার বার্তা নিয়ে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন হল অরুণাচল প্রদেশে। যা অন্য যে কোনও সাইকেল প্রতিযোগিতার থেকে আলাদা। কারণ এখানে প্রতিযোগীরা সাইকেল চালানোর জন্য সমতল পেলেননা। পেলেন অতি দুর্গম পাহাড়ি পাথর ছড়ানো পথ।
যাকে পথ বলা কখনওই যায়না। তেমনই পথে ১৪ হাজার ৪০০ ফুট উচ্চতায় তাঁদের সাইকেল নিয়ে ছুটতে হল গন্তব্যে। মোট ২২ কিলোমিটার এমন দুর্গম পথে তাঁদের সাইকেল চালাতে হল। যেখানে পদে পদে বিপদ ওত পেতে অপেক্ষা করে।
এই প্রতিযোগিতা নতুন নয়। মনদুরো নামে এই প্রতিযোগিতার এবার ষষ্ঠ অধ্যায়। অরুণাচলের তাওয়াং-এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবার মোট ২৫ জন প্রতিযোগী অংশ নেন।
ভারত সহ নেপাল, ইংল্যান্ড, ইন্দোনেশিয়ার মত দেশ থেকেও প্রতিযোগীরা এসেছিলেন। ২ দিন ধরে চলে এই প্রতিযোগিতা। সেরা হন নেপালের নীরব শ্রেষ্ঠ। দ্বিতীয় স্থান দখল করেন ইংল্যান্ডের ক্রিস্টোফার কিলিং। তৃতীয় হন মেঘালয়ের বাসিন্দা ওনিল খারপুরি।
মেনস এলিট বিভাগে এঁরা প্রথম ৩টি স্থান দখল করেন। অন্যদিকে হার্ডটেল ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেন মেঘালয়ের পিন্সগেন লিংখোই। এবারের এই প্রতিযোগিতা কেবল অ্যাডভেঞ্চারের রোমাঞ্চই দিল না, তার সঙ্গে স্নো লেপার্ড রক্ষার বার্তাও দিয়ে গেল।











