সীমান্তের ধারে জনবহুল এলাকার আকাশে অচেনা ড্রোন, শুরু উদ্দেশ্য বোঝার চেষ্টা
সীমান্তবর্তী এলাকায় অচেনা কিছু দেখলে তা নজর কাড়ে। সেখানে জনবহুল এলাকার মাথায় একটি ড্রোনের উড়ে বেড়ানোর উদ্দেশ্য খুঁজছে সুরক্ষা এজেন্সি।
জনবহুল এলাকা। ঘনবসতিপূর্ণ এলাকা। সেখানেই মাথার ওপর আচমকা উড়ে বেড়াতে শুরু করল একটি ড্রোন। সে ড্রোন এল কোথা থেকে? কারা পাঠাল? কি মতলব ড্রোনটির? যেহেতু জনবহুল এলাকা তাই চিন্তার ভাঁজ পুরু হওয়াটাই স্বাভাবিক।
এদিকে ড্রোনটি বেশ কিছুক্ষণ ধরে ওই বসতি এলাকায় ঘোরাফেরা করে। তারপর একসময় একটি খালি জায়গায় আছড়ে পড়ে। পরীক্ষার পর দেখা যায় ড্রোনটিতে একটি ক্যামেরা লাগানো ছিল। ছিল কোনও কিছু বয়ে এনে নিচে ফেলার সুবিধা। আর ছিল একটি ব্যাটারি।
ড্রোনটি কোথা থেকে এসেছে তা পরিস্কার না হলেও প্রাথমিকভাবে এর সঙ্গে পাকিস্তানের যোগ থাকার বিষয়টি মাথায় রাখছেন সুরক্ষা এজেন্সির আধিকারিকরা।
পাক যোগের কথা ভাবার পিছনে কারণও রয়েছে। রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার শ্রী করণপুরের বসতি এলাকায় এই ড্রোন দেখার পর সন্দেহ দানা বাঁধে। কারণ এই স্থানটি ভারত পাক সীমান্ত থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ভারতের একটি জনবহুল এলাকা।
পাকিস্তানের দিক থেকে ড্রোন উড়ে আসাও নতুন কিছু নয়। তাই এই ড্রোনটি কি মতলবে এখানে উড়ছিল তা বোঝার চেষ্টায় ত্রুটি রাখছেন না সংশ্লিষ্ট আধিকারিকরা। ড্রোনে ক্যামেরা থাকায় পাকিস্তানের দিক থেকে নজরদারি চালানো হচ্ছিল কিনা তাও বোঝার চেষ্টা হচ্ছে।
এদিকে সুরক্ষার কারণে যেখানে ড্রোনটি আছড়ে পড়ে সেখান থেকে ১০০ মিটার ব্যাসের মধ্যে সাধারণের প্রবেশ নিষেধ করা হয়। কোনও অসৎ উদ্দেশ্যে সেটি পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











