State

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা, বৃষ্টি কবে পর্যন্ত চলবে, পাওয়া গেল পূর্বাভাস

ভোর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবেশি বৃষ্টি চলছে। এ বৃষ্টি বাড়বে। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। কবে পর্যন্ত চলবে এই বৃষ্টি।

আকভান স্থলভাগের দিকে এগিয়ে আসছে। তার ফলে বৃহস্পতিবার ভোর থেকেই কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় দিনভর বৃষ্টি হয়ে চলেছে। কখনও একটু বাড়ছে। কখনও একটু কমছে।

একই অবস্থা দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কমলা সতর্কতা ছাড়া বাকি সব জেলার জন্য রয়েছে হলুদ সতর্কতা।

কলকাতা সহ অন্য বেশ কয়েকটি জেলায় বৃষ্টির দাপট আরও বাড়বে। শুক্রবার দুপুরে আকভান অন্ধ্রপ্রদেশের নারসাপুর এবং ওড়িশার পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ফলে শুক্রবার বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তারমানে এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ফলে বৃহস্পতিবারের মতই শুক্রবারেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। বৃষ্টি পিছু ছাড়বে না শনিবারও।

আবহাওয়া দফতরের পূর্বাভাস মত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবারের জন্যও হলুদ সতর্কতা থাকছে। অনেক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। রবিবারও যে বৃষ্টি হবেনা এমনটা নয়। তবে রবিবার থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদেরা।

উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মত বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণ দিনাজপুর ও মালদায় শুক্রবার ও শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।

Show Full Article