বন দফতরকে ফোন করে লাভ হয়নি, বিরক্ত হয়ে কুমির ধরে বন দফতরে হাজির মহিলা
পুকুরে কুমির দেখে তাকে পাকড়াও করতে বন দফতরে ফোন করেছিলেন গ্রামবাসীরা। কিন্তু বনকর্মীরা আসেননি। অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে নিজেই কুমির ধরলেন মহিলা।
গ্রামের পুকুরে একটি কুমির ভেসে বেড়াচ্ছে। এটা দেখার পর কার্যত গ্রাম জুড়ে আলোড়ন পড়ে যায়। গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। গ্রামবাসীরা তো বটেই সেই সঙ্গে ওই পুকুরের পাশের বাসিন্দা এক দম্পতিও অপেক্ষায় থাকেন কখন বনকর্মীরা আসবেন। কখন ধরা পড়বে ওই কুমিরটি। কারণ কুমিরটি যতক্ষণ গ্রামে খোলা অবস্থায় থাকবে ততক্ষণই নিশ্চিন্ত হওয়ার উপায় নেই।
এদিকে বনকর্মীদের জন্য অপেক্ষা করতে করতে এক সময় বিরক্ত হয়ে যান দম্পতি। বিশেষত ওই মহিলা ধৈর্য হারান। অগত্যা তিনি আর বনকর্মীদের জন্য অপেক্ষা না করে নিজেই কুমির ধরার সিদ্ধান্ত নেন। তিনি এবং তাঁর স্বামী মিলে ওই পুকুরে জাল ফেলেন। তৈরি করেন ফাঁদ। আর সেই ফাঁদে পড়েও যায় কুমিরটি।
জালে জড়ানোর পর কুমিরের মুখ আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেন মহিলা। এরপর সেটিকে কোলে তুলে নেন। কুমিরটি পূর্ণাঙ্গ নয়। ছোট কুমির। ফলে তাকে তুলে নিতে খুব অসুবিধা হয়নি মহিলার। তাকে তুলে নিয়ে মহিলা নিজেই হাজির হন বন দফতরে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জব্বলপুরের সুনপুর ঘানা গ্রামে। এদিকে বনকর্মীদের ফোন করা সত্ত্বেও তাঁদের দ্রুত হাজির না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
এক্ষেত্রে মানুষের জীবনের সুরক্ষা নিয়েও ঝুঁকি থেকে যায়। তারপরেও গ্রামের এক মহিলার কুমির ধরে বন দফতরে নিয়ে আসা কি আদৌ ভাল উদাহরণ তৈরি হল? প্রশ্নটা থেকে যাচ্ছে।











