হিমাঙ্কের নিচে পারদ, বরফ মাখতে উপত্যকায় ঢল নামছে পর্যটকদের
দ্রুত নামছে পারদ। হিমাঙ্কের নিচে চলে গেছে উপত্যকার পারদ। অনেক জায়গাতেই বরফ পড়ছে। যার টানে কয়েকটি জায়গায় ভিড় বাড়ছে পর্যটকদের।
আবহাওয়া বদলে যাচ্ছে। চেনা শীতের দিন শুরু হয়ে গেছে। এবার শীত বাড়তে থাকার পালা। ইতিমধ্যেই অনেক জায়গায় হিমাঙ্কের নিচে চলে গেছে পারদ। মাইনাসে চলে যাওয়া পারদে বাতাসে কনকনে শীতের পরশ। যা থেকে রক্ষা পেতে পারম্পরিক শীত পরিধান গায়ে চড়িয়েছেন উপত্যকার বাসিন্দারা।
জম্মু কাশ্মীরের রাজধানী শহর শ্রীনগরে চলতি মরসুমে এই প্রথমবার মাইনাসে নেমে গেল পারদ। রাতের পারদ রেকর্ড হয়েছে মাইনাস ০.১ ডিগ্রি।
শ্রীনগরে যখন পারদ চলে গেছে মাইনাসে তখন গুলমার্গে পারদ আরও তলানিতে। সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৩.৪ ডিগ্রি। পহেলগামে আরও নিচে পারদ। সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ৩.৮ ডিগ্রি।
গুলমার্গ, সোনমার্গ ও পহেলগামে বহু পর্যটক হাজির হচ্ছেন। তুষারপাতের আনন্দ উপভোগ করতেই তাঁদের আগমন। ঝুর ঝুর করে বরফের টুকরো ঝরে পড়া দেখে তাঁদের যেন মন ভরছে না। বরফ নিয়ে খেলতে ব্যস্ত অনেকে।
বয়স যেন এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শিশু হয়ে যায়। স্কি রিসর্ট হিসাবে পরিচিত গুলমার্গ। এখানে পাহাড়ের ঢালে জমে থাকা বরফের ওপর স্কি করতে অনেকেই হাজির হন। এবারও তাই হচ্ছে।
এদিকে কাশ্মীরের স্কুলগুলিতে সময় বদল করা হয়েছে। সকালের স্কুলের সময় বদলে গেছে। প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত স্কুল হবে সাড়ে ১০টা থেকে আড়াইটে পর্যন্ত।
অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে আরও নামবে কাশ্মীরের পারদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











