আত্মীয়দের ট্রেনে তুলতে এসে ট্রেনে আটকে পড়লেন ১২ জন, মুক্তি পেলেন ১৪০ কিলোমিটার দূরে
আত্মীয়দের পৌঁছতে স্টেশনে অনেকেই আসেন। ট্রেনে তুলে দেন। কিন্তু একটি বন্দে ভারতে এমনটা করতে গিয়ে আটকে পড়লেন ১২ জন। মুক্তি পেলেন ১৪০ কিলোমিটার দূরে।
আত্মীয় পরিজন বা বন্ধুবান্ধব দূরে কোথাও যাত্রা করলে তাঁদের পৌঁছতে অনেকে স্টেশনে হাজির হন। অনেক সময় তাঁদের ট্রেনের সিটে বসিয়ে, মালপত্র রেখে ট্রেন ছাড়ার আগে নেমে যান ট্রেন থেকে। এ দৃশ্য নতুন নয়। কিন্তু এমনটা করতে গিয়ে ১২ জনের সঙ্গে যা হল তা বোধহয় তাঁরা জীবনে কখনও ভুলতে পারবেননা।
বারাণসী থেকে দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে আত্মীয়দের তুলতে এসেছিলেন পরিবারের অনেকে। তাঁদের মধ্যে কয়েকজন পুরুষ, মহিলা ও শিশু সহ ১২ জন আত্মীয়দের বিদায় জানাতে ট্রেনে উঠেছিলেন। ঠিক করেছিলেন ট্রেন ছাড়ার সময় হলে নেমে যাবেন।
কিন্তু ছাড়ার আগে বন্দে ভারতের স্বয়ংক্রিয় দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। ১২ জন ট্রেনের মধ্যেই আটকে পড়েন। কানপুর সেন্ট্রাল স্টেশনে তখন বাকি পরিবারের অনেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। তাঁরা দেখেন ১২ জন নিছক ট্রেনে তুলতে গিয়ে আর নামতে পারলেননা। ট্রেন ছেড়ে দিল।
ট্রেনের ভিতরে ওই ১২ জন তখন আতান্তরে। ট্রেনের কর্মীদের দরজা খুলে তাঁদের বার করে দেওয়ার অনুরোধ করলেও তা সম্ভব হয়নি। বন্দে ভারতের স্বয়ংক্রিয় দরজা আর খোলেনি। তবে ট্রেনের কর্মীরা সংশ্লিষ্ট দফতরে খবর দেন।
ইটাওয়া স্টেশনে অবশেষে ট্রেনটিকে দাঁড় করানো হয়। নামিয়ে আনা হয় ওই ১২ জনকে। তাঁদের আরপিএফ জিজ্ঞাসাবাদও করে। জরিমানাও হয়। মাথাপিছু ৩ হাজার টাকা করে জরিমানা গুনতে হয় ওই ১২ জনকে। অবশেষে মুক্তি পান তাঁরা।
তবে তাঁরা তখন নিজের শহর কানপুর থেকে অনেকটা দূরে। ১৪০ কিলোমিটারের মত দূরে পৌঁছে গেছেন বন্দে ভারতে চেপে। সেখান থেকে বাড়ি ফেরার চেষ্টা শুরু করেন তাঁরা।











