এই প্রথম আন্তর্জাতিক রেড ডট পুরস্কার জিতল ভারতের একটি মিউজিয়াম, কোথায় আলাদা এটি
এই প্রথম রেড ডট-এর মত সম্মানজনক পুরস্কার জিতে নিল ভারতের কোনও মিউজিয়াম। এটা ভারতীয়দের জন্য গর্বের। অনন্য বিশেষত্বে বাকি মিউজিয়ামের থেকে আলাদা এই মিউজিয়ামটি।
ভারতের মুকুটে নতুন পালক যুক্ত হল। এই প্রথম জার্মানির বার্লিন শহরে রেড ডট: বেস্ট অফ দ্যা বেস্ট অ্যাওয়ার্ড ২০২৬ জিতে নিল ভারতের একটি মিউজিয়াম। ২৭৫০ বছর ধরে দেশের এই শহরে মানুষের বাস। প্রাচীনত্বের নিরিখে এ শহর ঐতিহাসিক।
সেখানেই তৈরি হয়েছে এমন এক মিউজিয়াম যা তার বিশেষত্বের জন্য নজর কাড়া। কারণ এ মিউজিয়ামে রয়েছে ওই শহরের প্রাচীন নিদর্শন। বহু প্রাচীন প্রত্ন নিদর্শন। রয়েছে একটি সত্যিকার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রে। যেখানে খননকাজ চালানো হয়েছিল। সেখান থেকে অনেক কিছু পাওয়াও গিয়েছিল।
সেই স্থানটি এই মিউজিয়ামের চত্বরেই রয়েছে। যেখানে মানুষ খননকার্য চালিয়ে তুলে আনা প্রত্ন নিদর্শন নয়, খোদ সেই খনন স্থল এবং সেখানে কীভাবে সব কিছু রয়েছে তা দেখার সুযোগ পাচ্ছেন। এমন বাস্তবিক প্রত্নস্থল ভারতের অন্য মিউজিয়ামে দেখা যায়না। প্রত্ন নিদর্শন, ধ্বংসাবশেষকে চারধারে রেখেই এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছে।
গুজরাটের প্রাচীন শহর বড়নগর। ২৭৫০ বছর পুরনো এই শহর নিজেই একটি প্রত্নস্থল। এখানে অনেক জায়গা থেকেই নানা প্রত্ন নিদর্শন পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।
এখানকার এই বিশেষত্বকে কাজে লাগিয়ে ২০২৫ সালে উদ্বোধন হয় অনন্ত অনাদি বড়নগর আর্কিওলজিক্যাল এক্সপেরিয়েনশিয়াল মিউজিয়ামের। যা এখন বিশ্বের মিউজিয়াম মানচিত্রে একটা জায়গা করে নিল। সেই সঙ্গে ভারতের মাথাও উঁচু করল।
এই মিউজিয়ামে বাস্তবিক প্রত্নস্থল ছাড়াও রাখা রয়েছে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রাচীন মাটির পাত্র, মুদ্রা, দুর্গের প্রাচীর, বৌদ্ধ নিদর্শন এবং প্রাচীন বাড়ির ধ্বংসাবশেষ।











