মুখ ঘোরাল ঘূর্ণিঝড় আকভান, কোথায় কবে স্থলভাগে প্রবেশ, পুরীতে সমুদ্রের ধারে যাওয়া মানা
এতদিন জানা যাচ্ছিল অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান। কিন্তু সেখান থেকে মুখ ঘুরিয়ে গতিপথ বদলে ফেলল ঘূর্ণিঝড়টি।
বঙ্গোপসাগরের ওপর ফুঁসতে থাকা অতি শক্তিধর ঘূর্ণিঝড় আকভান তার গতিপথ বদলে ফেলল। এতদিন আবহবিদেরা যেটা পূর্বাভাস দিচ্ছিলেন যে সেটি অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে, সেটা আর হচ্ছেনা।
অন্ধ্রপ্রদেশ যে একেবারে ছাড় পেল তাও নয়। মুখ ঘোরানোর পর এখন আকভান এগিয়ে আসছে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার দিকে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মত, সেটি নারসাপুর ও পুরীর মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। শুক্রবার দুপুরেই তা আছড়ে পড়বে স্থলভাগে। সর্বোচ্চ গতি পৌঁছতে পারে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
আকভান মুখ ঘোরানোর পর যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি হচ্ছে ওড়িশা। পুরীতে সমুদ্রের ধারে যেতে পর্যটকদের নিষেধ করা হয়েছে। ওড়িশা উপকূল থেকে অনেক মানুষকে দ্রুত অস্থায়ী শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দলকে।
ঘূর্ণিঝড়ের জন্য যে অস্থায়ী শিবিরগুলি তৈরি করা হয়েছে সেখানে জেনারেটর ঠিকমত কাজ করছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। মজুত রাখার ব্যবস্থা হচ্ছে খাবার, পানীয় জলের। ব্যবস্থা রাখা হচ্ছে চিকিৎসার।
পুরী সহ গজপতি, গঞ্জাম, খুরদা, জগতসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, নয়াগড়, জাজপুর, ঢেঙ্কানল, কেন্দুঝড় এবং ময়ূরভঞ্জ জেলায় প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় তৈরি থাকছে প্রশাসন।
প্রবল ঝড় এবং অতি বৃষ্টির মুখে পড়তে পারে ওড়িশার বিস্তীর্ণ অংশ। নভেম্বর ১৯ থেকে ২১ পর্যন্ত পুরী, গজপতি, গঞ্জাম, কেন্দ্রাপাড়া, কান্ধামল এবং জগতসিংহপুরের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রয়োজন ছাড়া সমুদ্রের কাছাকাছি বসবাসকারী মানুষকে বাড়ি থেকে না বার হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। খাবার ও পানীয় জল মজুত রাখবার পরামর্শও দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











