বিশ্বের ২০টি সেরা পর্যটনক্ষেত্রের তালিকায় ভারতের একটি জায়গার স্থান, পেল আন্তর্জাতিক স্বীকৃতি
বিবিসি ২০২৭ সালের জন্য বিশ্বের সেরা ২০টি পর্যটনক্ষেত্রের তালিকা প্রকাশ করেছে। যাতে জায়গা হয়েছে ভারতের একটিমাত্র জায়গার। যা পর্যটনে আন্তর্জাতিক স্বীকৃতি পেল।
ভারতে যেমন অনেক বেড়ানোর জায়গা রয়েছে, তেমনই বিশ্বের বিভিন্ন প্রান্তেও পর্যটনক্ষেত্রের অভাব নেই। সংবাদমাধ্যম বিবিসি ঘোরার জন্য বিশ্বের ২০টি সেরা ঠিকানার তালিকা প্রকাশ করেছে।
২০২৭ সালের জন্য তৈরি এই তালিকায় ভারতের একটি জায়গা নিজের স্থান করে নিতে পেরেছে। যে তালিকায় রয়েছে মাদাগাস্কার, ফ্রান্সের বার্গান্ডি, ইতালির সার্ডিনিয়া বা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মত জায়গা।
সেখানে ভারতের মেঘালয় জায়গা পেয়েছে তালিকায়। বিবিসি-র বিচারে বিশ্বের সেরা ২০টি পর্যটনক্ষেত্রের মধ্যে মেঘালয়ের জায়গা করে নেওয়া গর্বের বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী সাংমা মেঘালয়ের এই তালিকায় জায়গা পাওয়াকে সম্মানের বলে ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, ঐতিহ্য এই তালিকায় তাদের জায়গা করে দিয়েছে।
যা বিশ্বের একটি অন্যতম সেরা পর্যটনক্ষেত্র হিসাবে মেঘালয়কে আন্তর্জাতিক স্বীকৃতিও এনে দিল। বিশ্ব মেঘালয়কে এই স্বীকৃতি দিয়েছে। এবার বিশ্বকে স্বাগত জানাতেও তৈরি মেঘালয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিবিসি-র এই সম্মানজনক তালিকায় জায়গা পাওয়া মেঘালয়ের পর্যটনকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে বলে মনে করছেন অনেকে। তাছাড়া এই তালিকা প্রকাশের পর বিদেশি পর্যটকদের মধ্যে মেঘালয়ে বেড়াতে আসার প্রবণতা অনেকটা বাড়বে বলেও মনে করা হচ্ছে।
ভারতজুড়ে পর্যটনক্ষেত্রের অভাব নেই। তারমধ্যে কেবলমাত্র মেঘালয় এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। যা তাদের আন্তর্জাতিক পর্যটন মানচিত্রেও জায়গা করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











