National

বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় কবে কোথায় আছড়ে পড়বে, পূর্বাভাস পাওয়া গেল

বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার পর শক্তি বাড়াতে থাকবে। তারপর ঝাঁপিয়ে পড়বে স্থলভাগে। কতটা শক্তি নিয়ে কোথায় কবে প্রবেশ, তার পূর্বাভাস পাওয়া গেল।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি যে তৈরি হচ্ছে তা পরিস্কার হয়ে গেছে আবহবিদদের কাছে। এমনকি আবহাওয়া দফতরের আধিকারিকরা এটাও মনে করছেন যে ঘূর্ণিঝড়টি জন্ম নেওয়ার পর ক্রমশ তার শক্তি বাড়াতে শুরু করবে। অবস্থান করবে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে।

সেখানে সেটি একদিন ধরে শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়া শুরু করবে। সেই সঙ্গে তার শক্তিও বাড়তে থাকবে। আবহবিদেরা জানাচ্ছেন, আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। অতি শক্তিধর ঘূর্ণিঝড় হওয়ায় তার ধাক্কাও ভয়ংকর হতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে।

এই ঝড় স্থলভাগে প্রবেশের পর অন্ধ্রপ্রদেশের একটা বড় অংশ জুড়ে অতি প্রবল বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝড়। ইতিমধ্যেই ২টি পরপর ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত অন্ধ্রপ্রদেশ আরও এক দফা এই ঘূর্ণিঝড়ের কোপের মুখে পড়তে চলেছে।

এই ঝড়ে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে তা নিয়ে সন্দেহ নেই। অন্ধ্রপ্রদেশ প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকারীদের প্রস্তুত রেখেছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় যা যা করণীয় তাও প্রস্তুত রাখা হচ্ছে।

কৃষকদের প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এখন অপেক্ষা একটাই। কতটা শক্তি নিয়ে ঝাপটা দেয় নতুন তৈরি হতে চলা ঘূর্ণিঝড়টি। প্রসঙ্গত তৃতীয় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে মাত্র ২০ দিনের ব্যবধানে ৩টি ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হবে অন্ধ্রপ্রদেশের মানুষকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article