উপত্যকায় গায়ে চড়ল ফেরান, আগুন জ্বলে উঠল কাঙ্গরিতে
গাছের তলায় পড়ে থাকা শুকনো চিনার পাতা কুড়িয়ে ঘর ভরানোর দিন এসে গেল। উপত্যকায় পারদ মাইনাসে নামতেই আনন্দে আত্মহারা পর্যটকেরা।
শীত এসে পড়লেই উপত্যকার মানুষ গরম পোশাক বার করে ফেলেন। জম্মু কাশ্মীরের পারম্পরিক শীতের পোশাক হল ফেরান। অনেকে আবার একে ফিরান বলে থাকেন। উল, ক্যাসমিলন, ভেলভেটের মত উপাদান দিয়ে তৈরি এই হাঁটু পর্যন্ত ঝোলা পোশাকটি পুরুষদের পরিধেয়।
পুরুষদের ক্ষেত্রে ফেরানের হাতা প্রায় হাতের তালু পর্যন্ত লম্বা হয়। তবে খুব বেশি ডিজাইন বা রঙের বাহার থাকেনা। একই ফেরান আবার মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি রংবাহারি হয়।
মহিলাদের ফেরান আবার প্রায় গোড়ালি পর্যন্ত ঝোলা হয়। নানা রং আর ডিজাইন নজর কাড়ে। ফেরান শীতের সময় কাশ্মীরি নারী পুরুষের খুব পরিচিত পোশাক। যা ওই প্রবল ঠান্ডাতেও তাঁদের শরীর গরম রাখে।
শীত আসা মানে কাশ্মীরের ঘরে ঘরে জমা করা হয় চিনারের ঝরে পড়া শুকনো পাতা। যা কুড়িয়ে আনা হয় কাঙ্গরি জ্বালানোর জন্য। শীতের সময় শরীর গরম রাখতে কাশ্মীরের বাসিন্দাদের বড় ভরসা কাঙ্গরি।
এগুলি একধরনের ছোট ঝোলানো পাত্রের মতন হয়। যে পাত্র তৈরি হয় পোড়ামাটি, উইলো কাঠ জাতীয় উপাদান দিয়ে। এরমধ্যে কাঠকয়লা জ্বালিয়ে রাখা হয়। শুকনো চিনার পাতা আগুন জ্বলতে কাজে লাগে।
এগুলি হাতে ঝুলিয়ে নেন কাশ্মীরের বাসিন্দারা। প্রয়োজনে শরীর গরম করতে তা ওই ঢোলা ফেরানের মধ্যে নিয়ে নেন। তাতে শরীর উষ্ণতা পায়। হাড় কাঁপানো ঠান্ডার হাত থেকে রেহাই পান সাধারণ মানুষ। শীতের দিনে কাশ্মীরের এই পোশাক পরম্পরা আজও অটুট।
এদিকে কাশ্মীরে পারদ পতন অব্যাহত। পাহাড়ে তুষারপাতও হচ্ছে। সব মিলিয়ে কাশ্মীরে শীত এসে গেল। এই প্রবল ঠান্ডায় তুষারপাতের আনন্দ উপভোগ করতে এখন গুলমার্গ, পহেলগাম, সোনমার্গের মত জায়গায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











