কন্যাসন্তান জন্ম নিলে বাড়িতে পৌঁছে যাচ্ছে সবুজ বাহিনী, উপহার, গান, গাছে উদযাপন
কন্যাসন্তান জন্ম নিয়েছে। একথা জানতে পারলে সেই বাড়িতে পৌঁছে যাচ্ছে সবুজ বাহিনী। মায়ের হাতে তুলে দিচ্ছে উপহার। গাইছে গান। রোপণ করছে চারা গাছ।
তাঁদের পরনে সবুজ শাড়ি। এটাই তাঁদের পরিচয়। তাঁরা গ্রিন আর্মি বা সবুজ বাহিনী। বাহিনী মানে এটা নয় যে তাঁরা যুদ্ধে যান। তবে গুলি বন্দুকের যুদ্ধে না গেলেও এঁরা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রতিদিন।
গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের অধিকার সম্বন্ধে সচেতন করছেন। নারী শিক্ষার প্রসার ঘটাচ্ছেন। মেয়েরা যেন স্কুল ছুট না হয় সেদিকে নজর রাখছেন। মেয়েরা যাতে মাঝপথে স্কুল না ছাড়ে তা নিশ্চিত করতে তাঁরা পৌঁছে যাচ্ছেন সেইসব পরিবারে যাঁদের মেয়েরা আচমকাই স্কুলে যাওয়া বন্ধ করছে।
পরিবারের সঙ্গে কথা বলে, স্কুলের সঙ্গে কথা বলে তাঁরা ওই মেয়েদের ফের স্কুলে পাঠানোর ব্যবস্থা করছেন। এমনকি স্কুলে যাওয়া বজায় রাখতে কোনও অর্থনৈতিক সাহায্য দরকার পড়লে সে ব্যবস্থাও করছেন।
এছাড়া মহিলাদের মধ্যে স্বরোজগারের প্রবণতা বৃদ্ধি করছেন। নারীর প্রতি অবিচার হলে রুখেও দাঁড়াচ্ছেন। আবার কোনও পরিবারে কন্যাসন্তানের জন্ম হলে তা উদযাপনও করছেন।
কোনও পরিবারে কন্যাসন্তানের জন্ম হলে সবুজ বাহিনীর মহিলারা হাজির হচ্ছেন সেখানে। মায়ের হাতে তুলে দিচ্ছেন স্বাস্থ্যকর খাবার। ঢাকঢোল বাজিয়ে গাইছেন পারম্পরিক সোহার গান। আর ওই কন্যাসন্তানের নামে রোপণ করছেন একটি গাছের চারা।
বারাণসী সহ উত্তরপ্রদেশের প্রায় ৮ জেলায় যথেষ্ট সক্রিয় এই নারী বাহিনী। যাঁরা পরিচিত সবুজ বাহিনী নামে। পরনে সবুজ পোশাক তাঁদের পরিচয়। নারী সুরক্ষা ও অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। সবুজ বাহিনীর কার্যকলাপ এখন যথেষ্ট গুরুত্ব ও সম্মানের সঙ্গেও আলোচিত হচ্ছে।











