দক্ষিণ ভারতে গণ্ডার ছিল, সাড়ে ৩ হাজার বছর পুরনো নিদর্শন বদলে দিল ইতিহাস
গণ্ডার বললে প্রথমেই অসমের কথা মাথায় আসে। এছাড়া পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে কিছু গণ্ডার রয়েছে। কিন্তু গণ্ডার যে দক্ষিণ ভারতেও ছিল তা অবিশ্বাস্য লেগেছে বিশেষজ্ঞদেরও।
গণ্ডার দেখার হলে অসমের জঙ্গল। ভারতে বেড়াতে আসা বিদেশি পর্যটকেরাও যখন ভারতের একশৃঙ্গ গণ্ডার দেখতে চান তখন তাঁরাও অসমের জঙ্গলকেই বেছে নেন। কেউ গণ্ডার দেখার জন্য দক্ষিণ ভারতে যান না।
দক্ষিণ ভারতে গণ্ডার নেই তা সকলের জানা। কিন্তু সেই দক্ষিণ ভারতেই একসময় গণ্ডার ঘুরে বেড়াত। যে কথা জানার পর অবিশ্বাস্য লেগেছে খোদ বিশেষজ্ঞদেরও। কিন্তু দক্ষিণ ভারতে সাড়ে ৩ হাজার বছর আগে গণ্ডার ঘুরে বেড়াত। তার প্রমাণ পেয়েছেন গবেষকেরা।
তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে মোলাপালায়ামের নিওলিথিক প্রত্নস্থল থেকে গবেষকেরা গণ্ডারের হাড় পেয়েছেন। এই স্থান থেকে আরও প্রাণির হাড় পাওয়া গেছে। কিন্তু যেটা অবাক করেছে গবেষকদের সেটা হল গণ্ডারের হাড়।
দক্ষিণ ভারতেও যে গণ্ডার থাকতে পারে তা তাঁরাও ভাবতে পারেননি। গণ্ডার ছাড়াও যেসব হাড় উদ্ধার হয় ওই প্রত্নস্থল থেকে সেগুলির মধ্যে রয়েছে মোষ, ছাগল, শূকর, কুকুর, নীলগাই, ৪ শৃঙ্গ হরিণ, চিতল, সম্বর, লেপার্ড, বনবিড়ালের মত প্রাণির।
এদের হাড়ের সঙ্গেই ছিল গণ্ডারের হাড়ও। এমন ৪টি গণ্ডারের হাড় উদ্ধার হয় ওই প্রত্নস্থল থেকে। যা প্রমাণ করেছে দক্ষিণ ভারতেও একসময় গণ্ডারের অবাধ ঘোরাফেরা ছিল।
ভারতে এখন যে প্রাণি বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তার সঙ্গে প্রাচীনকালে এই জমিতে ঘুরে বেড়ানো প্রাণিদের বসবাসগত পার্থক্য যে হয়েছে তা তামিলনাড়ুতে সাড়ে ৩ হাজার বছর আগে গণ্ডারের উপস্থিতি থেকে স্পষ্ট।











