লাল গ্রহের মাটিতে ভূতুড়ে পাথরের সন্ধান, জল ও প্রাণের উত্তর দিতে পারে এই খোঁজ
বিজ্ঞানীরা উচ্ছ্বসিত। কারণ লাল গ্রহে এমন এক ভূতুড়ে পাথরের সন্ধান পাওয়া গেছে যা এর আগে দেখা যায়নি। এ পাথর একদম আলাদা।
মঙ্গলগ্রহের মাটিতে ফের চমক দেখাল নাসার পাঠানো পারসিভিয়ারেন্স রোভার। এমন এক ভূতুড়ে পাথরের সন্ধান পেল সে যা হয়তো মঙ্গলে জলের ধারা এবং প্রাণের সম্ভাবনার উত্তর দিতে পারে।
এ পাথর মঙ্গলের চেনা পাথরের থেকে একেবারেই আলাদা। ফলে একে ভূতুড়েই লাগছে। পারসিভিয়ারেন্স এখন জেজেরো ক্রেটারের কাছেই রয়েছে। ‘লাক দে চারমেস’ নামে একটি স্থান। তারই অন্তর্গত ‘আইডুবি’ নামে জায়গা যা মঙ্গলের প্রাচীন পাথরে ভরা।
সেই আইডুবি-তে ঘোরার সময় পারসিভিয়ারেন্স এমন এক পাথরের খোঁজ পেয়েছে যা একেবারেই আলাদা। মঙ্গলের পাথর সাধারণভাবে কালচে এবং ধুলোয় ভরা হয়। কিন্তু এই পাথরটি অনেকটাই উজ্জ্বল, হালকা রংয়ের। এতটা হালকা রংয়ের পাথর মঙ্গলে দেখা যায়না।
পাথরটি পরীক্ষার পর বিজ্ঞানীরা মনে করছেন এটি ভিজে সিলিকা থেকে তৈরি পাথর। এটি যে আগ্নেয়শিলা নয় তাও নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। যেখানে জল থাকে পৃথিবীতে তেমন জায়গায় এমন পাথর তৈরি হয়।
জেজেরো ক্রেটারের গায়ে এমন সিলিকা পূর্ণ পাথরের অংশ দেখা গিয়েছিল আগে। কিন্তু তা পরীক্ষার জন্য যথেষ্ট ছিলনা। এবার যে পাথর পাওয়া গেল তা অত্যন্ত কাজের হবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।
মঙ্গলগ্রহে একসময় জলের ধারা প্রবাহিত হত কিনা তা এই পাথর অনেকটাই জানান দিতে সক্ষম বলে মনে করছেন তাঁরা। তাছাড়া এমন পাথরে মাইক্রো জীবাশ্ম থাকে। ফলে এটি পরীক্ষা করলে মঙ্গলে কোনও সময় প্রাণ ছিল কিনা তাও জানা যেতে পারে।
এমন এক ভেজা সিলিকা দিয়ে তৈরি উজ্জ্বল ও হালকা রংয়ের আজব পাথর মঙ্গলগ্রহ সম্বন্ধে আরও অনেক কিছু জানার রাস্তা খুলে দিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।











