বিয়েকে সামনে রেখে ২৫ দিনে সাড়ে ৭ লক্ষ কোটি টাকার ব্যবসা হতে চলেছে ভারতে
বিয়ের মরসুমে মাত্র ২৫ দিনে বিপুল অঙ্কের ব্যবসা হতে চলেছে দেশে। মাত্র ২৫ দিনে সাড়ে ৭ লক্ষ কোটি টাকার ব্যবসা পেতে চলেছেন ব্যবসায়ীরা।
নভেম্বরের ২১ তারিখ থেকে ডিসেম্বরের ১৫ তারিখ। এই ২৫ দিনে ভারতজুড়ে অনেক বিয়ে হতে চলেছে। চারহাত এক হতে চলেছে। নতুন দাম্পত্য সম্পর্ক জন্ম নিতে চলেছে। সেই সাতপাকে বাঁধা পড়ার সংখ্যাটা এই ২৫ দিনে নেহাত কম নয়।
কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স জানাচ্ছে এই ২৫ দিনে ভারতে ৫২ লক্ষ বিয়ে হতে চলেছে। এরমধ্যে পশ্চিমবঙ্গেও অনেক বিয়ে হবে। কারণ অগ্রহায়ণ মাসে বিয়ে করার চল পশ্চিমবঙ্গে রয়েছে।
এইসময় অতি গরম বা অতি ঠান্ডা কোনওটাই থাকেনা। হেমন্তের মনোরম আবহাওয়ায় বিয়ের অনুষ্ঠান সকলের জন্যই উপভোগ্য হয়ে ওঠে। ভারতজুড়েও এইসময় আবহাওয়া ভাল থাকে। তাই এইসময় বিয়ের দিন ফেলা অনেক পরিবারই পছন্দ করে।
২৫ দিনে ৫২ লক্ষ বিয়েকে সামনে রেখে ব্যবসায়ীরা বেজায় খুশি। কারণ বিয়েকে সামনে রেখে বিয়ের নানা কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ভাল মুনাফার মুখ দেখার সুযোগ পেতে চলেছেন।
সে বিয়ের সাজসজ্জা হোক, নারী পুরুষের সাজগোজ হোক, ক্যাটারিং হোক, ইভেন্ট ম্যানেজমেন্ট হোক, অন্যান্য পরিষেবা হোক, বিয়ের প্রয়োজনীয় সরঞ্জাম হোক বা আপ্যায়ন। বিয়েকে কেন্দ্র করে এ সবক্ষেত্রেই বিপুল অঙ্কের ব্যবসা পেয়ে থাকে সংশ্লিষ্ট মহল।
বিয়েতে খরচও করতে প্রস্তুত থাকে পরিবারগুলি। আবার গয়না, বৈদ্যুতিন যন্ত্র, আসবাবপত্র, উপহার সামগ্রি থেকে ছবি বা ভিডিও তোলা, গাড়ি ভাড়া করার মত ক্ষেত্রেও মোটা অঙ্কের ব্যবসা হয়ে থাকে।
বিয়ের জন্য বিয়েবাড়ি থেকে শুরু করে ব্যাঙ্কোয়েট বা হোটেল বুকিং এইসময় তুঙ্গে ওঠে। সবদিক থেকে ব্যবসার অঙ্ক ২৫ দিনে সাড়ে ৭ লক্ষ কোটি টাকা হতে চলেছে বলে মনে করছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। যা দেশের অর্থনীতির জন্যও সুখবর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











