SciTech

পরিশ্রম নেই, শুয়ে থাকলেই হয়ে যাবে স্নান, তৈরি হল মানুষ স্নানের ওয়াশিং মেশিন

স্নান করতে অনেকের আলস্য লাগে। স্নান করার জন্যও তো কায়িক পরিশ্রম লাগে। যাঁরা তা এড়াতে চান, তাঁদের জন্যই এবার জন্ম নিল মানুষকে স্নান করানোর ওয়াশিং মেশিন।

কাপড়জামা কাচার জন্য ওয়াশিং মেশিন তো অনেক পরিবারেই রয়েছে। কিন্তু মানুষকে স্নান করিয়ে দেওয়ার ওয়াশিং মেশিন নিয়ে কেউ ভেবেছিলেন কি? সবই যখন যন্ত্র করে দিতে পারে, তাহলে মানুষকেই বা স্নান করিয়ে দেবে না কেন? এটাই ছিল মূল ধারনা।

যে মেশিনে একজনকে কেবল ঢুকে পড়তে হবে। ঢোকার পর শুয়ে পড়ার যে জায়গা রয়েছে সেখানে শুয়ে পড়তে হবে। তারপর দরজা বন্ধ করে দিতে হবে। ব্যস আর চিন্তা নেই। এবার যা করার মেশিনই করবে। তিনি কেবল শুয়ে থাকবেন।

মেশিন সুন্দর করে স্নান করিয়ে দেবে তাঁকে। পরিস্কার করে দেবে শরীর। শুধু তাই নয়, শরীরকে স্নান করিয়ে সাফ করার সঙ্গে সঙ্গে ওই মানুষ পরিস্কারের ওয়াশিং মেশিন স্নানরত ব্যক্তির হৃদযন্ত্রের খবর দেবে।

কেমন আছে হৃদযন্ত্র থেকে শরীরের নানা অঙ্গ, তাও জানাবে এই মেশিন। ওয়াশিং মেশিনের সঙ্গে মানুষ সাফাইয়ের এই মেশিনের ফারাক হল ওয়াশিং মেশিনের মত সাফাইয়ের জন্য এই মেশিন মানুষকে ঘোরাতে থাকবেনা।

জাপানের ওসাকায় একটি এক্সপো-তে এই প্রোটোটাইপ মেশিনটির প্রদর্শনী হয়। অবশেষে জাপানের ওই হিউম্যান ওয়াশার মেশিন প্রস্তুতকারক সংস্থা সেটি বিক্রি শুরু করেছে। প্রথম মেশিনটি কিনেছে ওসাকার একটি হোটেল। যারা মেশিনটি হোটেলে থাকতে আসা অতিথিদের জন্য ব্যবহার করতে চায়।

এটি অত্যন্ত দামি হওয়ায় এখনই মেশিনটির বহুল প্রচলন হয়তো হবেনা। তবে আগামী দিনে যে মানুষকে আর স্নান করার জন্য পরিশ্রম করতে হবেনা তা এই মেশিন স্পষ্ট করে দিল। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show Full Article
nilkantho.in app

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *