সন্তানকে নিয়ে ১৫০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে এক ব্যক্তি, কারণ জেনেও নামাতে হিমসিম প্রশাসন
৪ বছরের সন্তানকে কোলে নিয়ে ১৫০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে চড়ে গেলেন এক ব্যক্তি। কেন চড়েছেন সেখানে তাও জানালেন। তাঁকে বুঝিয়ে নামাতে হিমসিম প্রশাসন।
তখন সকাল ১০টা। এক ব্যক্তি তাঁর সন্তানকে কোলে নিয়ে তরতর করে উঠে গেলেন স্থানীয় একটি ১৫০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে। যেখানে চড়লেন সেখান থেকে যেকোনও মুহুর্তে পড়েও যেতে পারেন।
স্থানীয় বাসিন্দা। ফলে সকলের চেনা। তাঁকে এভাবে সন্তানকে কোলে নিয়ে জলের ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে থাকতে দেখে হতবাক অন্যরা। ক্রমে সেখানে ভিড় জমতে শুরু করে দেয়।
সকলেই তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করতে থাকেন। শিশুটির সুরক্ষা নিয়ে বেশি চিন্তিত ছিলেন সকলে। খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় পুলিশ আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকরা।
অনেক বোঝানোর চেষ্টা হয়। এক সাব-ইন্সপেক্টর ট্যাঙ্কে চড়ে যান। সেখানে গিয়ে বোঝানোর চেষ্টা করেন ওই ব্যক্তিকে। কিন্তু তিনি কোনও কথাই শুনতে নারাজ।
জানা যায় পারিবারিক একটি জমিকে কেন্দ্র করে বিবাদ। এই নিয়ে স্ত্রীর সঙ্গেও ওই ব্যক্তির তুমুল ঝগড়া হয়। তারপরই তিনি সন্তানকে কোলে করে বাড়ি থেকে বেরিয়ে সটান চড়ে যান ট্যাঙ্কে।
গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিডি জেলার অজিধি এলাকায়। সাব-ইন্সপেক্টর অনেক বোঝানোর চেষ্টা করেও ফল না হওয়ায় সার্কেল অফিসার জিতেন্দ্র প্রসাদ ফোনে মহাদেব তিওয়ারি নামে ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন।
তিনি নিশ্চয়তা দেন যে মহাদেব তাঁর সন্তানকে নিয়ে নিচে এলেই তাঁর সমস্যা নিয়ে আলোচনা হবে। অবশেষে ৩ ঘণ্টা পর নেমে আসেন ওই ব্যক্তি। কাছেই একটি গাছের তলায় বসে তাঁর দাবিদাওয়া এবং অভিযোগ নিয়ে আলোচনা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











