World

ক্ষেতের মধ্যে পড়ে বিশাল এক অচেনা বস্তু, কোথা থেকে এল তা নিয়ে চলছে জল্পনা

এমন কিছু যে সেখানে পাওয়া যেতে পারে তা কেউ ভাবতেও পারেননি। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। শুরু হয় খোঁজখবর।

চারদিকে যতদূর চোখ যায় শুধু ভুট্টাক্ষেত। তারই মধ্যে পড়ে রয়েছে এক অতিকায় ধাতব বস্তু। এমন জিনিস সেখানে এল কীভাবে? আকাশ থেকে পড়ল, নাকি কেউ সেখানে ফেলে রেখে গেল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

আমেরিকার মিনেসোটার স্টিভেনস কাউন্টির স্কট টাউনশিপে ঘটেছে ঘটনাটি। গত ১৪ অক্টোবর বিকেলে স্থানীয় পুলিশের কাছে খবর আসে একটি ভুট্টাক্ষেতে অচেনা কিছু পড়ে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যা দেখতে পায় তাতে বিস্মিত হওয়ারই কথা।

প্রায় ১১ ফুট চওড়া বিশাল এক ধাতব কাঠামো পড়ে রয়েছে ক্ষেতের মধ্যে। দেখতে অনেকটা উল্টে থাকা গম্বুজের মতো। সেটি সাধারণ কোনও কৃষি যন্ত্রের অংশ বলে মনে হচ্ছেনা। পুলিশের প্রাথমিক ধারনা বস্তুটির সঙ্গে মহাকাশের কোনও যোগসূত্র থাকতে পারে।

খবর দেওয়া হয় সংশ্লিষ্ট সরকারি দফতরগুলিকে। ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। পরে বস্তুটিকে ক্ষেত থেকে সরিয়ে নিরাপদ জায়গায় রাখা হয়।

তবে রহস্য এখানেই শেষ নয়। মহাকাশ বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এটি চিনের একটি রকেটের অংশ হয়ে থাকতে পারে। গত সেপ্টেম্বর মাসে উৎক্ষেপণ করা সেই রকেটের গতিপথের সঙ্গে বস্তুটি উদ্ধারের এলাকার মিল পাওয়া যাচ্ছে বলে তাঁদের ধারনা।

তবে ধারনা আর নিশ্চিত প্রমাণ এক নয়। সরকারি ভাবে এখনও বস্তুটির প্রকৃত পরিচয় নিশ্চিত করা হয়নি। স্থানীয় প্রশাসন অবশ্য জানিয়েছে এটি থেকে সাধারণ মানুষের কোনও বিপদের আশঙ্কা নেই।

Show Full Article