বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, বাংলা কি ভাসতে চলেছে
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে। তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সোমবারের মধ্যে। পশ্চিমবঙ্গ কি ফের ঝড়বৃষ্টির কবলে পড়তে চলেছে, উত্তর দিল হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা গত ২ দিন আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার সেটি নিম্নচাপের চেহারা নিয়েছে। ক্রমে তা অতি গভীর নিম্নচাপের চেহারা নিতে চলেছে শনিবার ও রবিবারের মধ্যে।
এখানেই শেষ নয়। আবহবিদদের ধারনা সেটি সোমবার ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে সেই ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা উজ্জ্বল। তারপর তার অভিমুখ কোন দিকে হবে?
ঘূর্ণিঝড় বা নিম্নচাপের ক্ষেত্রে এ প্রশ্ন সকলের মনেই উঁকি দেয়। উপকূলবর্তী রাজ্যগুলির মানুষ জানার চেষ্টা করেন তাঁরা কতটা আঁচ পেতে চলেছেন।
আবহবিদেরা মনে করছেন, এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে তা ক্রমে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার দিকে এগোতে থাকবে। সেখান দিয়েই স্থলভাগে প্রবেশ করতে পারে ঘূর্ণিঝড়টি।
সেক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি হতে পারে। আপাতত নিম্নচাপটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। ক্রমে তা আরও পশ্চিমে সরবে।
এই ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের ওপর না পড়ার কথা। তবে তার একটা ছোঁয়া পাবে এই রাজ্য। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যে বৃষ্টি শূন্য ঝলমলে দিন কাটছে তা থাকছে না। বুধ ও বৃহস্পতিবারও বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











