এই প্রথম দেশজ প্রযুক্তিতে তৈরি হচ্ছে নতুন লাইন, সবুজ সংকেত দিল মন্ত্রিসভা
খরচ ২০ হাজার ৬৬৭ কোটি টাকা। তবে যেটা তৈরি হতে চলেছে তা ভারতে এই প্রথম। একেবারে দেশিয় প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি হচ্ছে এই রেললাইন।
ভারতীয় রেলকে উন্নত করায় একের পর এক পদক্ষেপ অব্যাহত। দেশে প্রথম হতে চলা একটি প্রকল্পে এবার সবুজ সংকেত দিয়ে দিল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স।
এই প্রথম ভারতে তৈরি হতে চলেছে সম্পূর্ণ দেশিয় প্রযুক্তি নির্ভর সেমি-হাইস্পিড ডবল লাইন। যা তৈরি হচ্ছে আমেদাবাদ থেকে ধোলেরা পর্যন্ত। গুজরাটে রেল যোগাযোগে এক নতুন ইতিহাস লিখতে চলেছে এই উদ্যোগ। খরচ হবে ২০ হাজার ৬৬৭ কোটি টাকা।
বিশাল অর্থ ব্যয় করে এই ডবল লাইন পাতা হয়ে গেলে তার ওপর দিয়ে যে সেমি-হাইস্পিড ট্রেন ছুটবে তা যাত্রীদের যাত্রার সময়কে অনেকটাই কমিয়ে আনতে পারবে। এমনকি একই দিনে যাতায়াতও সম্ভব হবে।
এই উদ্যোগ একটি এমন উদ্যোগ যা আদপে আগামী ভারতে রেল যোগাযোগের ক্ষেত্রে সেমি-হাইস্পিড ট্রেনের প্রচলন বৃদ্ধি করতে পারে। কারণ এই প্রকল্পের দিকে চেয়ে আছেন অনেকেই। রেলের আধিকারিকরাও এই প্রকল্পের দিকে নজর রাখবেন। কারণ এটি সফল হলে এরপর এমন সেমি-হাইস্পিড লাইন আরও ছড়িয়ে দেবে রেল।
আমেদাবাদ থেকে ধোলেরা সেমি-হাইস্পিড ডবল লাইন তৈরি হয়ে গেলে এখানকার ২৮৪টি গ্রাম উপকৃত হবে। উপকৃত হবেন ৫ লক্ষ মানুষ। যেহেতু এই পুরো প্রকল্পটি কেবলমাত্র দেশিয় প্রযুক্তিতে সম্পূর্ণ করা হবে, তাই তা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা












