সোনার শহরের বাজারে ঢুকে পড়ল ভারতের ফল
সোনার শহরের বাজারে ভারতের একটি নেহাতই স্থানীয় ফল দাপট দেখানোর অপেক্ষায়। অরুণাচল প্রথমবার সেখানকার এই ফল পৌঁছে দিল সোনার শহরে।
অরুণাচল প্রদেশে পাহাড় আর জঙ্গলের অভাব নেই। রয়েছে কুয়াশা ঘেরা পাহাড়ি জায়গা। অরুণাচলের কুয়াশাচ্ছন্ন জিরো পাহাড়ের জঙ্গলে যে আদিবাসীদের বাস তাঁরাই সেখানকার স্থানীয় বাসিন্দা।
সাধারণভাবে এমন জায়গায় বসবাসকারীরা স্থানীয়ভাবে পাওয়া ফল নিয়মিত আহারের অঙ্গ করে নেন। তেমনই একটি ফল কিউই। যা এখন সুপারফুড নামে খ্যাত হয়েছে।
বহু মানুষ এই ফলের গুণাগুণ সম্বন্ধে জানার পর তা কিনছেন। ফলের বাজারে কিউই বেশ কদর পাওয়া ফল। অরুণাচলের এই কিউই এবার পাড়ি দিল সোনার শহর বলে খ্যাত দুবাইয়ে।
দুবাইয়ের বাজারে এই প্রথম পৌঁছেছে ভারতের অরুণাচল প্রদেশের কুয়াশা ঘেরা পাহাড়ের কিউই। যা এখন দুবাইয়ের বাজারে দাপটে শাসন করছে। জিরো পাহাড়ের কিউই এখন বিশ্ব মঞ্চে নিজের জায়গা করে নিল। সেই সঙ্গে স্থানীয় কিউই চাষিরা এখন মোটা অঙ্কের মুনাফার আলো দেখছেন।
জিরো থেকে দুবাইয়ের এই পথ খুলে যাওয়া কিউই-র কাঁধে ভর করে তাঁদের অনেকটাই আর্থিকভাবে সচ্ছল করে তুলতে পারে। প্রথম দফায় দুবাইতে দেড় টন কিউই ফল পৌঁছেছে। আগামী দিনে অরুণাচলের এই কিউই চাহিদা বুঝে পাড়ি দেবে দুবাইতে।
এছাড়াও মধ্যপ্রাচ্যে কিউই-র চাহিদা আগামী দিনে অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। দুবাইয়ের লুলু হাইপার বাজারে জিরো পাহাড়ের কিউই আলাদা করে প্রদর্শিত হবে।
বিদেশের বাজারের দরজা অরুণাচলের কিউই-র জন্য খুলে গেলে তা স্থানীয় অর্থনীতি তো বটেই, সেই সঙ্গে দেশিয় অর্থনীতির জন্যও সদর্থক ভূমিকা পালন করবে।











