কালীপুজো, দিওয়ালীর মুখে ডিএ বাড়ল সরকারি কর্মীদের
সামনেই কালীপুজো, দিওয়ালী, ভাইফোঁটা। সেই উৎসবের মরসুমের আগেই বাড়ল সরকারি কর্মীদের মহার্ঘভাতা। ডিএ বৃদ্ধিতে স্বভাবতই খুশি কর্মী থেকে পেনশনভোগীরা।
কালীপুজো, দিওয়ালী, ভাইফোঁটা, ভাইদুজ সহ পরপর রয়েছে উৎসব। দেশজুড়ে মানুষ মেতে উঠবেন উৎসবের আনন্দে। তার আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে দিল একটি সরকারি ঘোষণা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য বড় ঘোষণা করা হল। এদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের জন্য ডিএ বা মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে।
কত বাড়ল ডিএ? ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা এদিন ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের ডিএ বৃদ্ধি যেমন করা হয়েছে, তেমনই এর পাশাপাশি পেনশন প্রাপকদের জন্য ডিআর বা ডিয়ারনেস রিলিফ ঘোষণা করেছে কেন্দ্র। এই বাড়তি খরচ বহন করতে কেন্দ্রের বাৎসরিক খরচ বাড়ল ১০ হাজার ১৬ কোটি টাকা।
মহার্ঘভাতা বৃদ্ধির এই ঘোষণায় ৪৮ লক্ষ ৫৪ হাজার কেন্দ্রীয় সরকারি কর্মচারি উপকৃত হবেন। উপকৃত হবেন ৬৮ লক্ষ ৭১ হাজার পেনশন প্রাপকও। এই মহার্ঘভাতা বৃদ্ধি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হচ্ছে।
মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়। সেটা এবার ৩ শতাংশ পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারিরা। তাও আবার একেবারে উৎসবের মুখে, উৎসবের আবহে।
সপ্তম বেতন কমিশনের ফর্মুলা মেনেই এই মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এই মহার্ঘভাতা সরকারি কর্মীদের আসন্ন উৎসবমুখর দিনগুলিকে আরও আনন্দময় করে তুলল সন্দেহ নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











