Business

মিষ্টি জলের মাছ ৩ কোটি টনে নিয়ে যেতে উদ্যোগী সরকার

দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মিষ্টি জলের মাছ চাষকে ৩ কোটি টনে নিয়ে যেতে উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। ৫ বছরের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

সমুদ্রে মৎস্যজীবীরা যে মাছ ধরেন তা নোনা জলের মাছ। তবে মিষ্টি জলের মাছও গুরুত্বপূর্ণ। রুই, কাতলা, মৃগেল থেকে শুরু করে কই, ট্যাংরা, গুলে, বেলে, শিঙি, মাগুর এবং এমন প্রচুর মাছ রয়েছে যা মিষ্টি জলেই পাওয়া যায়।

চারা মাছ বলে পরিচিত ছোট মাছও মিষ্টি জলের দান। এই মিষ্টি জলের মাছ পাওয়া যায় নদী থেকে শুরু করে দিঘি, জলাশয়, পুকুর, খাল বিলে।

এমনকি ট্যাঙ্কেও মাছ চাষ হয়। ঠান্ডা জলেও মাছ পাওয়া যায়। এসব ক্ষেত্রে মাছের ফলন বাড়াতে মৎস্যজীবীরা যাতে সবরকম সাহায্য পান সেদিকে নজর রাখার চেষ্টা চলছে।

বর্তমানে মিষ্টি জলের মাছ চাষ করে বছরে ১৯.৭ মিলিয়ন টন মাছ উৎপাদিত হচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে এই সংখ্যাটা ৩০ মিলিয়ন টনে নিয়ে যেতে চাইছে কেন্দ্র। এতে দেশের নানা প্রান্তের বহু ছোট ছোট মাছ চাষি উপকৃত হবেন।

মাছের ফলনের ক্ষেত্রে বড় অন্তরায় হল জলবায়ু পরিবর্তন। এছাড়া জলের গুণগত মান অনেক জায়গায় নষ্ট হচ্ছে। অনেক জলে অক্সিজেনের মাত্রা উল্লেখযোগ্য ভাবে কমছে। ফলে তা মাছের বৃদ্ধির জন্য প্রতিকূল হয়ে উঠছে।

মাছ চাষের জন্য জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়ার মত পরিবেশ তৈরি করার প্রয়োজন রয়েছে। এজন্য মাছ চাষিদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেষ্টা করছেন বিশেষজ্ঞেরা। তাঁদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা হচ্ছে।

ছোট মাছ চাষিদের কথা মাথায় রেখে মাছের ফলন মিষ্টি জলে বাড়াতে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান-এর উন্নয়ন পর্বে ইতিমধ্যেই অগ্রসর হয়েছে সরকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article