Business

কাঁচামাল ও পরিবহণের খরচ বাড়ায় বাংলার মিষ্টির দাম বৃদ্ধির আশঙ্কা, চিন্তায় ব্যবসায়ীরা

বাঙালির রসনা তৃপ্তির সঙ্গে জড়িয়ে রয়েছে বহু বছরের ঐতিহ্য। সেই চেনা স্বাদের আড়ালেই এবার জমছে নতুন উদ্বেগ। কী বলছেন ব্যবসায়ীরা।

অর্ণব দত্ত, কলকাতা : দেশে বিদেশে বাড়ছে বাংলার মিষ্টির চাহিদা। অথচ লাভের মুখ দেখতে হিমশিম খাচ্ছেন মিষ্টি ব্যবসায়ীরা। কাঁচামাল থেকে পরিবহণ, সবকিছুর খরচ বেড়ে যাওয়ায় এবার দাম বাড়তে পারে রসগোল্লা, সন্দেশসহ নানা মিষ্টির। চিন্তায় জয়নগরের মোয়া ব্যবসায়ীরাও।

‘মিষ্টি উদ্যোগ’ নামে মিষ্টি ব্যবসায়ীদের একটি সংগঠন জানাচ্ছে, গত ২ বছরে কাজু, কিসমিস, দুধ ও এলাচের দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ। অন্যদিকে কুরিয়ার ও পরিবহণ খরচ বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। ফলে চাহিদা বাড়লেও কমছে লাভের অঙ্ক।

বছর কয়েক আগে গড়ে ওঠা এই সংগঠনের সদস্য অন্তত সাড়ে ৩০০ মিষ্টি ব্যবসায়ী। সংগঠনের প্রধান পরিচালক ধীমান দাস জানালেন, আধুনিক প্রযুক্তিতে মিষ্টি তৈরি এবং পরিচ্ছন্নতা বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য।

এদিকে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়ায় মিষ্টি খাওয়া নিয়েও প্রশ্ন উঠছে। সংগঠনের অন্যতম পরিচালক রাজেশ দাসের দাবি, বাংলার ছানার মিষ্টি এবং দইয়ের পুষ্টিগুণ রয়েছে। যদিও ডায়াবেটিস রোগীদের মিষ্টি খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি।

সংগঠন সূত্রে জানা গেল, বাংলার মিষ্টির চাহিদা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও। বিশেষ করে পুজোর মরসুমে বিক্রি বাড়ে। শীত পড়লেই নলেনগুড়ের সন্দেশ, কড়াপাকের সন্দেশ এবং জয়নগরের মোয়ার চাহিদা বেড়ে যায়।

রাজেশ দাস জানালেন, আমেরিকা, সিঙ্গাপুর এবং ওমানেও বাড়ছে জয়নগরের মোয়ার চাহিদা। কিন্তু বিদেশে পাঠানোর খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লাভ কমছে।

একদিকে বাংলার মিষ্টির বিশ্বজোড়া জনপ্রিয়তা। অন্যদিকে ক্রমবর্ধমান খরচের বোঝা। এই ২-এর টানাপোড়েনে বাংলার ঐতিহ্যবাহী মিষ্টি ব্যবসা আগামী দিনে কতটা লাভজনক থাকবে সেটাই এখন দেখার।

Show Full Article