Business

কম খরচের রকেট বানাচ্ছে ভারতের স্টার্টআপগুলি, কেন তাও জানালেন ভারতীয় ধনকুবের

ভারতের স্টার্টআপ সংস্থাগুলি কম খরচে রকেট তৈরি করছে। কাকে ঠেকাতে এই প্রচেষ্টা। সেটাও পরিস্কার করে ব্যাখ্যা করলেন জোহো সংস্থার প্রতিষ্ঠাতা।

মহাকাশ বিজ্ঞানে ভারত এখন পৃথিবী অন্যতম সেরাদের তালিকায় পড়ে। ভারতের মহাকাশ বিজ্ঞানকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইসরোর একের পর এক সাফল্যই কাণ্ডারি। এখন ভারত আরও একধাপ এগিয়ে স্টার্টআপ সংস্থাগুলিকে মহাকাশ বিজ্ঞানে যুক্ত করেছে।

বেসরকারি যেসব সংস্থা মহাকাশ বিজ্ঞানের অগ্রগতিতে শরিক হয়েছে তাদের সংখ্যা একাধিক। এসব সংস্থা এখন কম খরচে রকেট তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এখন মহাকাশে রকেট পাঠানো নিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা যে শুরু হয়েছে তা সকলের জানা। জোহো সংস্থার অন্যতম বিজ্ঞানী তথা সংস্থার প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু এই নিয়ে এবার তাঁর এক্স হ্যান্ডলে বক্তব্য রেখেছেন। তাঁর দাবি ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলি কম খরচে রকেট বানাচ্ছে। আর তার পিছনে রয়েছে একটি কারণ।

ভেম্বুর দাবি, ইলন মাস্কের স্পেসএক্স-এর মোকাবিলা করতেই কম খরচে রকেট বানানোর লড়াইয়ে নেমেছে ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলি। যাতে তারা স্পেসএক্স-এর চেয়েও কম খরচে রকেট বানাতে পারে। এই কম খরচে রকেট বানানোর ক্ষেত্রে যে ভারতীয় স্টার্টআপ সংস্থাগুলি যথেষ্ট এগিয়ে গেছে তাও জানিয়েছেন ভেম্বু।

ইলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চিন বৈদ্যুতিক যান বানাচ্ছে। যা টেসলার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। চিন যেমন ইভি-তে চ্যালেঞ্জ ছুঁড়ছে তেমনই ভারত রকেট তৈরিতে ইলন মাস্কের সংস্থাকে প্রতিযোগিতায় ফেলে দেওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছে। এমনই মত ভেম্বুর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article