ডাল নিয়ে সাধারণ মানুষের জন্য জোড়া স্বস্তি, রয়েছে তৃতীয় সদর্থক দিকও
দেশের সাধারণ মানুষের দৈনন্দিন খাবার পাতে ডাল এক আবশ্যিক পদ। সেই ডাল নিয়ে এল জোড়া স্বস্তির খবর। যা দাম কমার সম্ভাবনাকে উজ্জ্বল করল।
দেশের আমজনতার প্রাত্যহিক খাদ্যতালিকায় ডাল অন্যতম। ভাত, ডাল ভারতের আপামর মানুষের ন্যূনতম খাবার হিসাবে ধরা হয়। সেই ডালের ক্ষেত্রে দেশের মানুষকে অনেকটা স্বস্তি দিল জোড়া খবর।
২০২৪-২৫ সালে যেখানে দেশে ডাল উৎপাদন হয়েছিল ২৫৬.৮৩ লক্ষ টন, সেখানে ২০২৫-২৬ সালে ডাল উৎপাদন বেড়ে হয়েছে ২৭৪.০৯ লক্ষ টন।
এক বছরের মধ্যে ডালের উৎপাদন এতটা বৃদ্ধির পিছনে রয়েছে একটি কারণও। আত্মনির্ভর ভারত-এর কথা মাথায় রেখে স্বনির্ভরতা বাড়িয়ে তুলতে এই ডাল উৎপাদন বৃদ্ধি বাস্তব রূপ পেয়েছে।
ডালের উৎপাদন উল্লেখযোগ্য ভাবে গত অর্থবর্ষের তুলনায় বেড়েছে এটা যেমন আনন্দের খবর তেমনই আরও একটি স্বস্তির খবর সামনে এসেছে। ডাল আমদানি উল্লেখযোগ্য ভাবে কমেছে।
ভারত যত ডাল উৎপাদন করেছে গতবছর তার চেয়ে ৩১ শতাংশ কমেছে ডালের আমদানি। যা দেশিয় অর্থনীতির পক্ষে যেমন আনন্দের তেমনই তা সাধারণ মানুষের জন্যও স্বস্তির।
কারণ বিদেশ থেকে ডাল আমদানি যত কমবে এবং দেশের মাটিতে ডালের উৎপাদন যত বাড়বে ততই ডালের দাম ধরাছোঁয়ার মধ্যে থাকার সম্ভাবনা বাড়বে।
২০২৪-২৫ সালে ডাল আমদানিতে ভারতের খরচ হয়েছিল ৪৬ হাজার ৪২৭ কোটি টাকার মত। ২০২৫-২৬-এ তা কমার ফলে আমদানিকৃত ডালের জন্য মেটাতে হয়েছে ৩১ হাজার ৭৯৩ কোটি টাকা। ফলে খরচ অনেকটাই কমেছে।
এখানেই শেষ নয়। ভারত থেকে চিন, সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে ডাল রফতানি হয়ে থাকে। এই রফতানি বেড়েছে। ২০২৫-২৬ সালে ১০ লক্ষ টন ডাল রফতানি করেছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











