এটাই দেশের ক্ষুদ্রতম রেলস্টেশন, প্ল্যাটফর্মে ধরবেনা ৮ কামরার ট্রেনও
ভারতের ক্ষুদ্রতম রেলস্টেশন রয়েছে পশ্চিমবঙ্গের খুব কাছেই। এই স্টেশন এতটাই ছোট যে একটা ৮ কামরার ট্রেনেও এর প্ল্যাটফর্মে ধরবেনা।
ভারতে প্ল্যাটফর্মের সংখ্যা গুনতে গেলে হিমসিম খেতে হবে। সব স্টেশনের মাপ অবশ্য এক নয়। বিভিন্ন মাপের প্ল্যাটফর্ম রয়েছে বিভিন্ন স্টেশনে। জংশন স্টেশনগুলিতে আবার প্ল্যাটফর্মগুলির মাপের তারতম্যও হয়।
আবার অনেক সাধারণ স্টেশনে অনেকসময় ২টি মাত্র প্ল্যাটফর্মই থাকে। ভারতের এই হাজারো রেলস্টেশনের মধ্যে কিন্তু সবচেয়ে ক্ষুদ্রটি সত্যিই অবাক করে দেয়।
এই স্টেশনটি ১৪০ থেকে ২০০ মিটার লম্বা। একটিই মাত্র প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্মের যা মাপ তাতে একটি ৮ কামরার ট্রেনও দাঁড়ানো মুশকিল। তবে তার দরকারও পড়েনা।
এই স্টেশনটি দিয়ে মূলত শিল্পসামগ্রি নিয়ে যাওয়া, নিয়ে আসা হয়। যেহেতু এর আশপাশে কয়লাখনি রয়েছে। তাই এই স্টেশনটি দিয়ে আকরিক কয়লা পরিবহণ হয়ে থাকে। কিছু স্থানীয় যাতায়াতের সুবিধা অবশ্য রয়েছে। তবে তা সামান্যই।
স্টেশনটি রয়েছে ওড়িশার কেন্দুঝড় জেলায়। নাম বাঁশপানি রেলস্টেশন। স্টেশনটি এতটাই প্রত্যন্ত যে এ স্টেশনে কোনও দূরপাল্লার ট্রেন থামে না। থামার মত প্ল্যাটফর্মও নেই। ১টিই মাত্র প্ল্যাটফর্ম তাও অত্যন্ত ছোট।
এভাবেই কিন্তু কাজ করে চলেছে ভারতের ক্ষুদ্রতম রেলস্টেশন বাঁশপানি। আশপাশের বাসিন্দা এবং শ্রমিকদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য এই স্টেশনে সামান্য কয়েকটি লোকাল ট্রেনের সুবিধা আছে। স্টেশনে না আছে কোনও ওয়েটিং রুম। না আছে কোনও খাবার স্টল। এমনকি প্রয়োজন না থাকায় এর পরিকাঠামোও অনেকটা পুরনো।












