এবার গরম কি বাড়বে, নাকি বৃষ্টি, চলতি সপ্তাহে বাংলার আবহাওয়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস
আকাশে মেঘের আনাগোনা চলছে। তবে কি এমন মেঘলা আবহাওয়াই থাকবে, নাকি গরম এবার বাড়বে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
বৈশাখ শেষের দিকে যেতে শুরু করেছে। এখনও গ্রীষ্মের সেই দাবদাহ টের পাচ্ছেন না রাজ্যবাসী। মাঝে কয়েকদিন গরমে কাটানোর পর গত সপ্তাহ থেকে সেই যে মেঘে ঢাকা আকাশ রয়েছে, সেটাই বজায় থাকছে। গরমও অনেকটা কম।
আকাশে মেঘের আনাগোনা লেগে আছে। ফলে পারদ সেভাবে চড়তে পারছেনা। গ্রীষ্মের দিনগুলো যতটা এভাবে কেটে যায় ততই ভাল। তাতে এক অসহ্য গরম সহ্য করতে হবেনা রাজ্যবাসীকে।
কিন্তু এখন তো সবে বৈশাখের কয়েকটা দিন বাকি। তারপর জ্যৈষ্ঠ মাস। ফলে গরমের দিন পড়ে আছে। এবার কি মেঘ কেটে ফের আগুনে গরম সহ্য করতে হবে, নাকি বৃষ্টি হবে? এমন আবহাওয়া বজায় থাকবে? এই প্রশ্ন সকলের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪ দিন ধরে রাজ্য জুড়ে গরম বাড়ার কোনও সম্ভাবনা নেই। বরং ঝড় এবং বৃষ্টির পূর্বাভাস স্পষ্ট। উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। তারপর শুকনো আবহাওয়া। আগামী ৭ দিনে উত্তরবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার পর্যন্ত। শনিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি বাড়বে। জারি হয়েছে কমলা সতর্কতা।
ফলে চলতি সপ্তাহে মোটামুটি রাজ্য জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা স্পষ্ট। আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই পারদ চড়ার সম্ভাবনা নেই। ফলে গ্রীষ্মের বেশ কয়েকটা দিন আরও নিশ্চিন্তে কাটা নিশ্চিত হল রাজ্যবাসীর।












