পশ্চিমবঙ্গে ৩ দিনে অনেক নামবে পারদ, কতটা নামবে পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
পশ্চিমবঙ্গ জুড়ে এখন মেঘ কেটে ঝলমলে আকাশ। এবার পারদ পতনের পালা। আগামী ৩ দিনে কতটা নামবে পারদ, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
গত সপ্তাহ জুড়ে ঘূর্ণিঝড় আকভানের জেরে কার্যত বর্ষার দিন কাটাতে হয়েছে। হয় মেঘে ঢাকা থেকেছে আকাশ। নয়তো ঝমঝমিয়ে বৃষ্টি। সেসব দুর্যোগ বিদায় নিয়েছে। এবার শুকনো দিন। ঝলমলে আকাশ।
হেমন্তের পরশ পেতে এবার অধীর আগ্রহে বাংলার মানুষ। নবান্নের ঘ্রাণে ভরা অগ্রহায়ণের আবেশ উপভোগ করতে চাইছেন তাঁরা। সেই সুযোগও তৈরি।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে আগামী ১ সপ্তাহে এ রাজ্যের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশার দাপট বাড়তে পারে।
আবহাওয়া এখন এতটাই অনুকূল যে উত্তুরে হাওয়া প্রবেশের পথ পরিস্কার। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৩ দিনে রাজ্য জুড়েই পারদ ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। সব জেলার জন্যই এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
যদি আগামী ৩ দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার ৫ ডিগ্রি পতন হয় তাহলে শীতের পরশ গায়ে লাগতে আর বিশেষ অপেক্ষা করতে হবেনা। গরম পোশাকের ছোঁয়ায় শরীর মুড়িয়ে ফেলার সময়ও আগত প্রায়।
এবার এল নিনো-র কারণে শীত নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এল নিনো-র কারণে আবহাওয়ার খামখেয়ালি আচরণ দেখা যেতে পারে। কোথাও অতি বৃষ্টি, তো কোথাও খরা, কোথাও প্রবল ঠান্ডা, তো কোথাও প্রবল গরম নজর কাড়তে পারে। এবার ভারতের সার্বিক বর্ষা কিন্তু স্বাভাবিকের চেয়ে নিচে হয়েছে। এখনও কয়েক জায়গায় খরা পরিস্থিতি ভোগাচ্ছে।











