National

ভোর থেকে কার্তিক স্নান, সন্ধেয় গঙ্গাপারে প্রদীপ প্রজ্বলন, কাশীতে উৎসবের মেজাজ

ভক্তের ঢল কাশীতে। ভোর থেকেই গঙ্গায় শুরু হয়েছে পুণ্যস্নান। সন্ধেয় দেব দীপাবলির বর্ণাঢ্য আয়োজন। দেব উঠানি একাদশীর পর প্রথম পুণ্যস্নানে অসংখ্য ভক্ত।

কথিত আছে ৪ মাস ঘুমিয়ে থাকার পর দেব উঠানি একাদশীতে ঘুম ভাঙে দেবতাদের। এই দেব উঠানি একাদশীর পরই আসে দেব দীপাবলির দিন। যা পরিচিত কার্তিক পূর্ণিমা বা রাসপূর্ণিমা বলেও।

মঙ্গলবার তাই ভোরের আলো ফোটা থেকেই শুরু হয়েছে পুণ্যস্নান। বারাণসী বা কাশীর ঘাটগুলিতে তিল ধারণের জায়গা ছিলনা। বহু পুণ্যার্থী এদিন গঙ্গা স্নান করতে হাজির হয়েছিলেন কাশীতে। ভোর থেকে টানা চলেছে কার্তিক স্নান। শুধু কাশী বলেই নয়, প্রয়াগরাজেও ভক্তের ঢল নেমেছে। গঙ্গা ও যমুনা নদীতে ভোর থেকেই চলেছে পুণ্যস্নান।

গঙ্গায় কার্তিক স্নান ভারতের এক প্রাচীন পরম্পরা। গঙ্গা সহ অন্য পবিত্র নদীতেও কার্তিক স্নানের চল রয়েছে। কার্তিক মাস জুড়ে সেই কার্তিক স্নানের এদিনই সমাপ্তি। কার্তিক পূর্ণিমার দিন হল কার্তিক স্নানের শেষ। সারা মাসে না হলেও এই দিনে বহু পুণ্যার্থী গঙ্গা বা যমুনায় স্নান করেন পুণ্য লাভের আশায়।

এদিন সন্ধেয় গঙ্গার জলে প্রদীপ ভাসানোর চল রয়েছে। বারাণসীতে সারাবছরই সন্ধেয় গঙ্গায় প্রদীপ ভাসানোর চল রয়েছে। তবে এদিন সেই সংখ্যা অন্য মাত্রা নেয়।

বহু পুণ্যার্থী এদিন গঙ্গার জলে প্রদীপ ভাসিয়ে দেন। এও এক প্রাচীন পরম্পরা। ফলে কাশীতে এদিন ভক্তের ঢলে প্রবল ভিড়। বিভিন্ন ঘাটে ভোর থেকে টানা চলেছে কার্তিক পূর্ণিমার রীতি পালন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article