National

সাদা হয়ে যাচ্ছে কাশ্মীর, পারদ নেমেই চলেছে, মরসুমের শীতলতম দিন কাটাল শ্রীনগর

বরফের চাদরে ঢাকা পড়ছে কাশ্মীর। পারদ পতন অব্যাহত। মাইনাসের অঙ্ক বড় হচ্ছে। এরমধ্যেই মরসুমের শীতলতম দিন কাটাল শ্রীনগর।

পশ্চিমবঙ্গে যখন মেঘ কেটে ঝলমলে দিনে হেমন্তের পরশ ফিরছে, শোনা যাচ্ছে শীতের পদধ্বনি, তখন কাশ্মীর কনকনে ঠান্ডায় মুড়ে গিয়েছে। তুষারপাত চলছে পার্বত্য এলাকায়। সাদা হয়ে যাচ্ছে চারধার।

তুষারের চাদর ক্রমশ পুরু হচ্ছে। এরমধ্যেই রাজধানী শ্রীনগরের পারদ নেমেছে এ মরসুমে সবচেয়ে নিচে। শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১.৬ ডিগ্রি। ফলে শ্রীনগরবাসী কাটালেন শীতলতম রাত।

তবে এখানেই শেষ নয়। আবহাওয়া দফতর জানাচ্ছে আরও নামবে তাপমাত্রা। কারণ শীত আরও জাঁকিয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে।

এদিকে প্রবল ঠান্ডায় শ্রীনগর সহ কাশ্মীরের অন্য অনেক শহরেই সকালের দিকে রাস্তাঘাট, দোকানপাট সুনসান। বেলা বাড়লে তবেই আস্তে আস্তে ভিড় জমছে।

তবে সকালে সুনসান রাস্তায় সাধারণ মানুষের দেখা না পাওয়া গেলেও তরুণ প্রজন্মকে রাস্তায় সাইকেল নিয়ে বার হতে দেখা যাচ্ছে। এদিকে সারাদিনে অল্প সময়ই সূর্যের দেখা পাওয়া যাচ্ছে। তাও রোদ খুবই নরম।

শ্রীনগরের পাশাপাশি পারদ সর্বত্রই নামছে। পহেলগামে পারদ রেকর্ড হয়েছে মাইনাস ৪.৬ ডিগ্রি। গুলমার্গে বরং তুলনায় উষ্ণতা বেশি। গুলমার্গে পারদ রেকর্ড হয়েছে ০.২ ডিগ্রি।

অন্যদিকে জম্মু শহরে পারদ নেমেছে ৯.৬ ডিগ্রিতে। কাটরা ১০.৫ ডিগ্রি। বানিহাল ১৩.৭ ডিগ্রি। যদিও কাশ্মীরের শীতলতম দিনগুলি আসতে এখনও দেরি আছে। চিল্লাই কলন শুরু হবে ২১ ডিসেম্বর। তার আগেই প্রবল ঠান্ডায় মুড়ে গেছে উপত্যকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article