কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে বৃষ্টি
রাজ্যে এখন আবহাওয়া শুকনো। একটা হিমেল পরশে হেমন্ত যেন শরীর মন ছুঁয়ে যাচ্ছে। এই আবহাওয়া কিন্তু থাকবেনা। কারণ আবার বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি।
পশ্চিমবঙ্গে এখন হেমন্তকাল। হেমন্তের হিমেল পরশটুকু গায়ে মাখা বাঙালির বড়ই পছন্দের। রোদ ঝলমল আবহাওয়ায় সকাল ও রাতের দিকে বেশ শীত শীত ভাব। ঠান্ডা আলতো হাওয়ার দোলা। এর মাঝে যদি বৃষ্টি নামে, আকাশ মেঘে ঢাকে তাহলে এই ঋতুর পরশটুকুই যাবে হারিয়ে।
কিন্তু প্রকৃতি তো নিজের খেয়ালেই চলবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু এখন যে আবহাওয়া বিরাজ করছে তা থাকবেনা আগামী বৃহস্পতিবার থেকে।
বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাসও থাকছে বৃহস্পতিবার থেকে। যা হেমন্তের পরশ অনেকটাই মুছে দিতে পারে।
তবে বৃহস্পতিবার আসতে এখনও দেরি আছে। তার আগে আগামী ২ দিনে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন পারদ আরও ২ ডিগ্রির মত কমবে বলেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
তারপর অবশ্য ৪ দিনে আর পারদে তেমন পরিবর্তন দেখতে পাওয়া যাবেনা। এদিকে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
এ রাজ্যে যখন আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস থাকছে ভারতের বাকি অধিকাংশ রাজ্যেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারতের ২০টি রাজ্যে কিন্তু এখনই আবহাওয়া পরিবর্তন দেখতে পাওয়া যাবে বলে মনে করছে মৌসম ভবন। কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি তো পাহাড়ে তুষারপাত, আবহাওয়ার নানা রূপ দেখা যাবে রাজ্য ভেদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











