National

দেব দীপাবলি উপলক্ষে গঙ্গার ঘাটে জ্বলে উঠল ১১ লক্ষ প্রদীপ

ধুমধামের সঙ্গে পালিত হল দেব দীপাবলি। সন্ধে নামতেই গঙ্গার ঘাট ভরে গেল প্রদীপের আলোয়। ১১ লক্ষ প্রদীপ জ্বলে উঠল। ১০ লক্ষ মাটির প্রদীপ, ১ লক্ষ গোবরের প্রদীপ।

দীপাবলিতে প্রদীপের আলোয় আলোকিত সন্ধে যদি অযোধ্যার সরযূ নদীর ধারের আকর্ষণ হয় তাহলে দেব দীপাবলিতে বারাণসীর গঙ্গার ধার সহ বিভিন্ন স্থানে ১১ লক্ষ প্রদীপ প্রজ্বলনও আকর্ষণের নিরিখে কম যায়না।

দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমায় যদি ভোর থেকে গঙ্গায় পুণ্যস্নান হয় পুণ্যার্থীদের প্রাণের টান তাহলে গঙ্গা পারে প্রদীপ প্রজ্বলন তাঁদের সন্ধের আকর্ষণ। এদিন দেব দীপাবলি উপলক্ষে ভোর থেকেই বারাণসীতে ট্রাফিক নিয়ন্ত্রণে জোর দেয় প্রশাসন।

প্রায় ১৫ লক্ষ ভক্তের ভিড়ে যাতে কোনও সমস্যা না হয় তাই অনেক রাস্তাতেই গাড়ি বা কোনও অন্য যানবাহন ঢুকতে দেওয়া হয়নি। এমনকি পায়ে হাঁটা মানুষকেও বিভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করানো হয়।

দেব দীপাবলিতে এদিন বারাণসীর বিভিন্ন স্থানে ১০ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হয়। জ্বালানো হয় ১ লক্ষ গোবর দিয়ে তৈরি প্রদীপও। এরমধ্যে বারাণসীর গঙ্গার ধার জুড়ে থাকা ৮৮টি ঘাটে ৫ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। গঙ্গার বালিয়াড়ি জুড়ে আরও সাড়ে ৩ লক্ষ প্রদীপ জ্বলে ওঠে। এছাড়া আড়াই লক্ষ প্রদীপ জ্বলে ওঠে বারাণসী জুড়ে থাকা ১০৩টি পুকুরের ধারে।‌

কার্তিক মাসে সন্ধে নামলে মাস জুড়েই অনেক পরিবারে প্রদীপ জ্বালানোর রীতি আছে। এ এক পরম্পরা। কার্তিক পূর্ণিমার দিন সেই প্রদীপ প্রজ্বলন দেব দীপাবলি হিসাবে পালিত হয় বারাণসী শহরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article