National

গোয়া থেকে ভেসে শ্রীলঙ্কার দক্ষিণে বাঁক নিয়ে আন্দামানের পথ ধরল ৪০ ফুটের হরিয়াল

ভারতের ৪০ ফুটের হরিয়ালের এখনও ১ হাজার নটিক্যাল মাইল জল পার করা বাকি। তার আগে হাওয়ার তালে শ্রীলঙ্কার দক্ষিণে বাঁক নিল হরিয়াল।

হলুদ পায়ের সবুজ পায়রা। এই পাখিকেই তাদের রাজ্য পাখির মর্যাদা দিয়েছে মহারাষ্ট্র। সেই পায়রা পরিচিত হরিয়াল নামে। সেই হরিয়াল নামটাই বেছে নিয়েছে ভারতের নৌসেনা। পালতোলা হরিয়াল বহরে ৪০ ফুট।

কেবল হাওয়ায় ভর করে পাল তুলে দিয়ে গোয়া থেকে হরিয়াল যাত্রা শুরু করে গত ১২ নভেম্বর। আরবসাগরের জলে ভেসে পড়েন ভারতীয় নৌসেনার বীরেরা।

কেবল পালের হাওয়ায় ভর করে তাঁরা আরবসাগরের বুকে পার করেন ৬০০ নটিক্যাল মাইল পথ। প্রসঙ্গত সমুদ্র পথ নটিক্যাল মাইল দিয়েই পরিমাপ করা হয়।

আরবসাগর পার করে ভারতের দক্ষিণ প্রান্ত দিয়ে বাঁক নিয়ে হরিয়াল পৌঁছয় শ্রীলঙ্কার দক্ষিণ প্রান্তে। মাঝে অবশ্য কোচিতে একবার দাঁড়ায় হরিয়াল। তারপর ফের ভেসে পড়ে।

শ্রীলঙ্কার দক্ষিণ ভাগ পার করে তার গন্তব্য এবার আন্দামানের রাজধানী শহর শ্রী বিজয় পুরম। তার আগে তাকে প্রায় ১ হাজার নটিক্যাল মাইল পার করতে হবে বঙ্গোপসাগরের বুকে।

সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে হরিয়াল। সমুদ্রে পাল তুলে ভেসে পড়ার পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে এই অ্যাডভেঞ্চার অবশ্য ভারতীয় নৌসেনার জন্য নতুন নয়।

হরিয়াল ছাড়াও ভারতীয় নৌসেনার আরও ৫টি পালতোলা নৌকা সমুদ্রের বুকে ভেসে চলেছে। যেগুলি হল নীলকণ্ঠ, মাদেই, বুলবুল, কাদালপুরা এবং তারিণী। আর একটি হল এই হরিয়াল। যে এখন বঙ্গোপসাগরের জলে ভেসে এগিয়ে চলেছে শ্রী বিজয় পুরমের দিকে। যা আগে পরিচিত ছিল পোর্ট ব্লেয়ার হিসাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article