শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান, কতটা গতিতে কোথা দিয়ে কবে স্থলভাগে প্রবেশ, মিলল পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অক্ষরে অক্ষরে মিলে গেল। গত সোমবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিল গভীর নিম্নচাপ। সাগরের ওপর এখন ফুঁসছে আর শক্তি বাড়াচ্ছে আকভান।
যেমন আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর, সেইমত সোমবার রাতের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নিল বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আকভান। ইরানের দেওয়া এই নাম।
এদিকে তৈরি হওয়ার পর ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহবিদেরা মনে করছেন মঙ্গলবার রাতের মধ্যেই ঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে। তারপরও তার শক্তি বৃদ্ধি হবে। ১৯ নভেম্বর রাতের মধ্যে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে নেবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মত, আকভান স্থলভাগে প্রবেশ করবে আগামী শুক্রবার ২০ নভেম্বর। ওইদিন দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুনি-র মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। তখন তার ঝড়ের সর্বোচ্চ গতি উঠতে পারে ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
আপাত সেটি ১০৯ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে সাগরের ওপর আগুয়ান হচ্ছে। আপাতত সেটি উত্তর পূর্ব ও লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এই ঘূর্ণিঝড়ের কারণে অতি প্রবল বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে। যার পূর্বাভাস ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। সাধারণ মানুষকে সতর্ক থাকতে, গুজবে কান না দিতে এবং আবহাওয়া রিপোর্টের দিকে নজর রাখতে পরামর্শ দিয়েছে অন্ধ্র প্রশাসন।
সেই সঙ্গে সার্টিফিকেট সহ গুরুত্বপূর্ণ নথি একটি প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখতে বলা হয়েছে। সম্ভব হলে ১ সপ্তাহের মত প্রয়োজনীয় খাবার ও পানীয় জল বাড়িতে মজুত রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা











