National

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিল আকভান, স্থলভাগের দিকে এগোলেও গতি অত্যন্ত কম

বঙ্গোপসাগরে ফুঁসতে থাকা ঘূর্ণিঝড় আকভান এবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করল। এবার সেটি স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। তবে গতি অত্যন্ত ধীর।

বঙ্গোপসাগরের মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আকভান। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই তা এখন অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। সাগরের ওপর ফুঁসছে। স্থলভাগের দিকে অগ্রসরও হচ্ছে। কিন্তু তার গতি অত্যন্ত মন্থর।

ঘণ্টায় ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। ফলে ৬০০ কিলোমিটারের মত দূরত্বে থাকলেও তার অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছতে কমপক্ষে শুক্রবার হয়ে যাবে।

অবশ্য আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে আকভান অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে করতে শুক্রবার দুপুর হয়ে যাবে। এবার সেই সময় আরও কিছুটা পিছিয়ে আবহবিদদের ধারনা আকভানের পৌঁছতে দুপুর নয়, বিকেল হয়ে যাবে। তার মন্থর গতির কারণেই তার স্থলভাগে প্রবেশ নিয়ে সময় বদল হচ্ছে।

আকভান যত আস্তেই আসুক তা আছড়ে তো পড়বেই। আর সেটা যখন হবে তখন ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সে দূরে থাকবেনা। তাই ইতিমধ্যেই উদ্ধারকারীদের প্রস্তুত রাখা হয়েছে।

এনডিআরএফ-এর ১৩টি দল এবং এসডিআরএফ-এর ১১টি দল প্রস্তুত রয়েছে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায়। আগামী ৪৮ ঘণ্টার জন্য সতর্কতাও জারি রয়েছে। প্রতি মুহুর্তে ঘূর্ণিঝড়টির গতিবিধির দিকে নজর রাখছেন আবহবিদেরা।

এদিকে অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী মানুষজনকে খুব দরকার না হলে বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে। নিচু এলাকায় বসবাসকারী মানুষজনকে পরিবার নিয়ে অস্থায়ী ত্রাণ শিবিরে যাওয়ার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article