কলকাতায় এক ধাক্কায় ৭ ডিগ্রি পারদ পতন, বৃষ্টি আর কতদিন, পূর্বাভাস দিল হাওয়া অফিস
বুধবার সন্ধে রাতের প্রবল ঝড়বৃষ্টির জেরে রাজ্য জুড়েই আবহাওয়ার বদল ঘটেছে। কলকাতার পারদই নেমেছে ৭ ডিগ্রি। বৃষ্টি আর কতদিন চলবে সে সম্বন্ধে ধারনা দিল আবহাওয়া অফিস।
মধ্য বৈশাখে রাতের দিকে ফ্যান চালিয়েও গায়ে পাতলা চাপা লেগেছে অনেকের। বুধবার ও বৃহস্পতিবারের মাঝের রাতে এমনই ছিল কলকাতা সহ রাজ্যের অধিকাংশ জায়গার আবহাওয়া।
একে গ্রীষ্মকাল। তারমধ্যে চড়তে থাকা পারদ। এমন এক আবহাওয়ার বদল স্বস্তি দিয়েছে অনেককে। মাত্র ১ দিনের ব্যবধানে এক ধাক্কায় ৭ ডিগ্রি পড়েছে পারদ। বুধবারের ঝড়বৃষ্টিতে পারদ নামার পর কি তাহলে এবার চড়ার পালা?
আবহাওয়া দফতর কিন্তু জানাচ্ছে এখনও ঝড়বৃষ্টি পাওয়া বাকি আছে রাজ্যের বিভিন্ন জায়গার। আগামী মঙ্গলবার পর্যন্ত এ রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে জারি হয়েছে কমলা সতর্কতা। এসব জেলায় ঝড়ের গতি ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবারও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ডেকে আনছে। কারণ এই ঘূর্ণাবর্তের কারণে এ রাজ্যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। যা বৃষ্টির সম্ভাবনা ও মাত্রা বাড়াচ্ছে।
রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে টানা ৪ দিন ধরে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ জুড়েই আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। আগামী ৭ দিনে রাজ্যের সব জেলাতেই সর্বোচ্চ পারদে বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা তেমন নেই।














